
কলকাতা: রবিবার রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল SRFTI! শুরুটা হয় রবিবার সকালে বাইরের কোনও সংস্থাকে ক্যাম্পাসের ভিতরের প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে। প্রথমে দুপক্ষের বাদানুবাদ, তারপর বিক্ষোভ, তা থেকে হাতাহাতি। শেষ হয় রীতিমতো পাথরবৃষ্টি দিয়ে। আহত হন একাধিক। অনেক রাত পর্যন্ত উত্তপ্ত থাকে পরিস্থিতি। পুলিশকে রীতিমতো গেট টপকে ক্যাম্পাসের ভিতর ঢুকতে হয়। এবার SRFTIএর পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ব্ল্যাক আউট করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। অর্জুন বলেন, “দেশবিরোধীরা এমনি এমনি ঠান্ডা হবে না, আমাদের ভাষাতে ঠান্ডা করতে হবে। একবার আমাকে দায়িত্ব দিয়ে দিক, দু’ঘণ্টার জন্য ব্ল্যাক আউট করে দিক। তারপর আমরা দেখছি কীভাবে করতে হয়!’
ঘটনার সূত্রপাত রবিবার সকালে। ক্যাম্পাসে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-র অনুষ্ঠান চলছিল। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওই অনুষ্ঠান চলছিল। অভিযোগ, সেই সময় এসআরএফটিআই-র কিছু পড়ুয়া সেখানে ঢুকে তাদের পতাকা ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পাল্টা অভিযোগ, অনুষ্ঠানের মঞ্চ থেকে বেশ কয়েকজন উস্কানিমূলক ভাষণ দিচ্ছিলেন। তা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি শুরু হয়। তারপর তাতে হাতাহাতি। অভিযোগ, যাঁরা অনুষ্ঠান করতে এসেছিলেন, তাঁদের বাস আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। পরে সেই বাস যখন ক্যাম্পাস থেকে বের হয়, এরপর শুরু হয় ইটবৃষ্টি। বিক্ষোভের মধ্যে এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। পুলিশের সামনেই তাঁদের মারা হয় বলে অভিযোগ।
এই প্রথম নয়, SRFTI এর আগে ঠিক এই একই ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার উত্তপ্ত হয়েছে। এবার SRFTI-এর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভিসি সন্তোষ আজমেরা। তিনি বলেন, “এই ধরনের ঘটনা কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই কাম্য নয়। SRFTI দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান!শিক্ষার্থীরা এখানে কোনও ধরনের হিংসার সম্মুখীন হওয়াটা কাম্য নয়! আমরা পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়ে নজর রাখছি!” কিন্তু দেখা যায় রবিবার যখন এই বিক্ষোভ চলছিল, তখনই একদিকে অর্জুন সিং হুঁশিয়ারি দেন।
‘ব্ল্যাক আউট’ করে দেওয়ার হুঁশিয়ারি প্রতিবাদে সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, “আমাদের কোনও সন্দেহ নেই, অর্জুন সিং-এর হাতে ক্ষমতা গেলে SRFTI বন্ধ করে ওখানে একটা গোশালা নির্মাণ করবেন। সেখানে যত্ন সহকারে গরু প্রতিপালন করা হবে। ওনার উত্তেজনা হয়েছিল। উত্তেজনার বশে বলে ফেলেছিলেন। আজ ঠান্ডা হয়ে গিয়েছে।”