
কলকাতা: তপ্ত ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড ইন্সস্টিটিউট’। বহিরাগতদের ‘দাপাদাপিতে’ রণক্ষেত্র ক্যাম্পাস। স্লোগান-পাল্টা স্লোগান। শুধু তাই নয়, ছাত্রদের বেধড়ক মারধরের অভিযোগ। পুলিশের সামনেই ‘ছাত্র’কে নিগ্রহ। বাইরে থেকে উঠল ‘ভারত মাতার জয়’-‘জয় শ্রীরাম’ স্লোগান। বহিরাগতদের দাবি, প্রতিষ্ঠানে যাঁরা রয়েছেন তাঁরা জেহাদি ছাত্র নয়। এই নিয়েই মুখ খুললেন SFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। দ্রুত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করার কথা বলেছেন তিনি। এই নিয়ে মুখ খুলেছেন বিধায়ক রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)
সৃজন ভট্টাচার্য বলেন, “SRFTI-তে যা হচ্ছে RSS-BJP-র তরফে তা মানা যায় না। গণতান্ত্রিক সভ্য দেশে এইটা হতে পারে না। একটার পর একটা ক্যাম্পাসে ওরা আক্রমণ করবে এটা হতে পারে না। আমরা পুলিশকে দ্রুত বলছি বাইরের জমায়েতকে সরান, ছাত্ররা লেখা পড়ায় ফিরতে পারে তার ব্যবস্থা করুন।” তিনি আরও বলেন, “বিজেপির উন্মত্ত গুণ্ডা গেট ধরে টানাটানি করছে। এই তাণ্ডব কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছে, এই তাণ্ডব মেদিনীপুর সহ আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। আর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড ইন্সস্টিটিউট আমাদের রাজ্যের গর্ব। সেখানে এই বেলাল্লাপনা বিজেপির তরফে কোনওভাবে মানা যায় না। অনেক বাইরের ছাত্র এখানে পড়তে আসে। তাঁদের কাছে কী বার্তা যাবে?”
বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, “এটা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান। যাঁরা ঘটিয়েছেন তাঁরা এই মাটি-দেশ-সনাতনীদের বিরোধী। অতিবাম মানসিকতার লোকজন দেশকে টুকরো করার কথা বলেন। এদের অরাজকতার উত্তর মানুষ দেবে। কড়া থেকে কড়া বন্দ্যোবস্ত মানুষ করবে।”