
কলকাতা: ঠিক যেন গোললাইন সেভ। এত কড়া নজরদারির পরেও স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়ায় ঢুকে পড়েছিলেন অযোগ্য প্রার্থীরা। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষায় বসা থেকে শুরু করে প্রাথমিক তালিকায় নাম ওঠা, সব ক্ষেত্রেই নজরদারি এড়িয়ে ঢুকে পড়েছিলেন তাঁরা। শেষ মুহূর্তে সেই ১৬ দাগি-দের চিহ্নিত করল স্কুল সার্ভিস কমিশন। তাঁদের বাদ দিয়েই প্রকাশিত হল এসএসসি গ্রুপ সি (SSC Group C) ও গ্রুপ ডি (Group-D) নিয়োগের ইন্টারভিউর (SSC Interview List) নয়া তালিকা।
কমিশন সূত্রে খবর, গ্রুপ সি নিয়োগের তালিকায় ছিলেন চারজন অযোগ্য প্রার্থী। অন্যদিকে, গ্রুপ ডি নিয়োগের তালিকায় ছিলেন আরও ১২ জন। অর্থাৎ, দুই বিভাগ মিলিয়ে মোট ১৬ জন দাগিদের চিহ্নিত করা হয়েছে। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ১৬ জনের নাম ২০১৬ সালের এসএলএসটিতে অযোগ্যদের তালিকায় ছিল। শুধু তাই নয়, সিবিআইয়ের তৈরি ওএমআর নম্বর সংক্রান্ত গরমিলের তালিকাতেও তাঁদের নাম পাওয়া গিয়েছে।
শেষ মুহূর্তে তাঁদের চিহ্নিত করা গেলেও, বেশ কিছু বিষয়ে প্রশ্ন উঠছে। নজরদারি এড়িয়ে কীভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারলেন এই প্রার্থীরা? আরও কোনও দাগি প্রার্থী কি আবেদন করেছিলেন? যাচাইয়ের পরবর্তী ধাপগুলিতেও কি এমন প্রার্থীর সন্ধান মিলতে পারে? এসএসসি প্রক্রিয়ায় কি কোনওভাবে কেউ সমস্যা তৈরি করতে চাইছেন? দাগি-দের তালিকা সামনে আসতেই এই নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।