
কলকাতা: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার পরই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মৃত ও আহতদের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। কিন্তু সরকারি হাসপাতাল থেকে একের পর এক আহতকে কেন বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হল, তা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। কলকাতা মেডিক্যাল কলেজের মতো উন্নতমানের সরকারি হাসপাতাল থেকে কেন স্থানান্তরিত করা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেই সিদ্ধান্ত সম্পর্কে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
চোরবাগানের ঘটনার পর বেশ কয়েকজন আহত ব্যক্তিকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল। পরে তাঁদের পরিবারের মতামত নিয়েই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বেশ কয়েকজনকে। এরপরই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়। তাঁদের প্রশ্ন ছিল, অন্য কোনও দুর্ঘটনায় আহত ব্যক্তিরা একই রকম ভাবে বেসরকারি হাসপাতালের পরিষেবা নিতে চাইলে তার প্রোটোকল কী হবে?
আজ, সোমবার মিলন মেলায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে চোরবাগানের ঘটনা সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেন, “বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছি। এতে ব্যর্থতার কিছু নেই। সরকারি হাসপাতালের তুলনায় দামি হাসপাতালে পরিষেবা অনেক ভালো। ইগো দেখিয়ে, অহঙ্কার দেখিয়ে, হাম কিসিসে কম নেহি বলে আটকে রাখিনি। মা দুর্গার কৃপায় তাঁরা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।”
এদিন অনুষ্ঠানের শুরুতেই চোরবাগানের ঘটনায় মৃতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পীদের এনে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও, চোরবাগানের ঘটনার কথা মাথায় রেখে তা বাতিল করা হয়েছে।
স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলেছেন, তাঁদের পাশে সবরকমভাবে থাকার জন্য আলোচনা করেছেন বলেও জানিয়েছেন শুভেন্দু।