
কলকাতা: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাংলার উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) । ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)। এই চাপানউতোরের মধ্যেই নতুন করে উত্তপ্ত ওপার বাংলা। সময় যত এগিয়ে আসছে, ততই বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে। কোথাও বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, থানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, সাংসদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে…গোপালগঞ্জ কার্যত আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দখলে। বাংলাদেশের এই পরিস্থিতিতে প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, পদ্মাপাড়ের প্রভাব পড়ছে এপার বাংলাতে।
রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু জানান, বিদেশের বিষয়ে কোনও রাজ্যের সরকার সরাসরি মন্তব্য করতে পারে না। এই বিষয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিবেশী রাষ্ট্র। আমি প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। এটাতে খুব উদ্বিগ্ন। এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি জয়শঙ্করজিকে জানাব। কোনও বৈদেশিক বিষয়ে কোনও প্রদেশের সরকার সরাসরি হস্তক্ষেপ বা মন্তব্য করতে পারে না।”
সোমবারই বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আমি কথা বলব। দরকার হলে মেইল করব। বলব এখানে প্রতিক্রিয়া হচ্ছে। কারণ এখানে অনেকের আত্মীয়-স্বজন থাকেন। তাঁরা খুব বিচলিত।”
শুভেন্দু আরও বলেন, “সিএএ-র ক্ষেত্রেও কাট অফ ডেট রয়েছে। ৩১.১২.২০২৪। আর বাংলাদেশ থেকে আসা লোকেদের বিরুদ্ধে কোনও পুলিশি ব্যবস্থা নেওয়া যাবে না। এটা আছে ৩১.১২.২০২৪ পর্যন্ত। প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব তারিখটা একটু বাড়িয়ে দিতে বলব। যে ধরনের ছবি, ভিডিয়ো আসছে, ফোনও আসছে। ওঁরা খুব উদ্বিগ্ন। আমাকে এখন যা করতে হবে পরারাষ্ট্র দফতর মারফত করতে পারি।”