
কলকাতা: আগেও বলেছিলেন। আবারও বললেন, তাঁর প্রয়াত পিএ চন্দ্রনাথ রথের খুনের পিছনে থাকতে পারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদত। এর আগে ‘ভাইপো গ্যাং’ বলে মন্তব্য করেছিলেন। আর বুধবার নাম না করে ঘুরিয়ে সেই দিকেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নন্দীগ্রাম বিধানসভা ভোটে এবার প্রার্থী হয়েছিলেন চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। আজ ছিল তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হাসি রানির ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে আমার সহযোগী ছিল বলে। সাত জনকে সিবিআই গ্রেফতার করেছে। সুপারি কিলার আর শ্যুটার গ্রেফতার হয়েছে। এখন ২ কোটি টাকা সুপারি কে দিয়েছিল সেটা জানা বাকি। বিচার পাবেন হাসি রানি।”
তারপরই নাম না করে ঘুরিয়ে বলেন, “এই ২ কোটি কোথা থেকে এসেছিল? কালীঘাট নাকি ক্যামাকস্ট্রিট থেকে এসেছিল? নাকি ডায়মন্ড-হারবারের কেউ দিয়েছিল? এইটুকুই জানা বাকি। এটা জানা হয়ে গেলেই তদন্তের বৃত্ত সম্পূর্ণ হবে আমার বিশ্বাস।” এর আগে শুভেন্দু সরাসরি বলেছিলেন ‘ভাইপো গ্যাং’-এর কথা। মুখ্যমন্ত্রী বলেন, ” “চন্দ্রনাথকে খুন করতে শ্যুটার এবং তাঁদের যাঁরা সুপারি দিয়েছিলেন তেমন সাত জনকে গ্রেফতার করা হয়েছে। আমার যেটুকু জানা আছে, ওকে সরিয়ে দেওয়ার জন্য দু’কোটি টাকা খরচ করা হয়েছে। এই টাকা সরবরাহের কাজ ভাইপো গ্যাং করেছে।’ এরপর ফের একবার নাম না করে অভিষেকের দিকেই ইঙ্গিত ঘোরালেন শুভেন্দু।