
কলকাতা: সংসদীয় দলের মর্যাদা এখনও পায়নি এনসিপিআই। যদিও, এনডিএ-র শরিক দল হিসেবে এনসিপিআই-কে স্বীকৃতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিকে, সোমবার বিশেষ অধিবেশনে আনা হবে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল। সেক্ষেত্রে, এনসিপিআই-তে (NCPI) যোগ দেওয়া ২০ জন সাংসদের ভোট গুরুত্বপূর্ণ। এই আবহে শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন শতাব্দী রায়। যা নিয়ে জোর চর্চা শুরু হয় রাজ্য-রাজনীতিতে। এবার এই বৈঠক নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু নিজেই। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলা সংরক্ষণ বিল নিয়েই কথা হয়েছে তাঁদের।
শতাব্দীর সঙ্গে বৈঠক নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, মূলত শতাব্দী সংসদীয় এলাকার কাজ নিয়ে এসছিলেন। এছাড়া মহিলা সংরক্ষণ বিল নিয়ে কথা হয়েছে। মুখ্যমন্ত্রী খোদ এই বিষয়ে জানতে চান শতাব্দী কাছে। শুভেন্দু বলেন, “আমি জিজ্ঞেস করলাম যে দিল্লি কবে যাচ্ছেন? ভোট কাকে দেবেন?”
শুভেন্দুর কথায়, শতাব্দী তাঁকে জানিয়ে দিয়েছেন এনসিপিআই-এ যোগ দেওয়া ২০ জন সাংসদই ভোট দেবেন বিলের পক্ষেই। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাকে বলতে এসছিলেন মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেবেন। আর ওঁর লোকসভা কেন্দ্রে একটা কাজ ছিল। সেই কাজটার জন্য বলেছে। আমরা তো করি, এছাড়া, সব দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে কথা বলি। আমাদের দল থেকে বারণ নেই। দলের তরফে বলে দেওয়া হয়েছে, দলীয় কার্যালয়ে দলের লোকরা থাকবেন। আর প্রশাসনিক কার্যালয়ে সকলের আসার অধিকার রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় ভোট দেবেন, উনি বললেন আমরা সবাই মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেব।”