
কলকাতা: বুধবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা তারতলায়। কারখানার ছাদ ভেঙে মৃত্যু একাধিক কর্মীর। আটকে বহু মানুষ। দ্রুত উদ্ধার করে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমে। তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পরই কলকাতা শহরের নির্মাণকাজ নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তারাতলার এই ঘটনার পর তিনি নির্দেশ দিয়েছেন, কলকাতা পুরনিগমের অন্তর্ভুক্ত এলাকায় নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে হবে। পূর্বতন সরকারের আমলে যে সব নির্মাণের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলি ফের খতিয়ে দেখা হবে। ৩১ জুলাই পর্যন্ত ওই সব কাজ বন্ধ রাখতে হবে। বিশেষ টিম দিয়ে অডিট করানো হবে। সব ঠিক থাকলে ১ অগস্ট থেকে ফের কাজ শুরু করা যাবে। আপাতত কলকাতার ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিধাননগর ও হাওড়াতেও এই কাজ চলবে বলে জানিয়েছেন তিনি।
শুভেন্দু বলেন, “মুখ্যসচিবের নেতৃত্বে কলকাতা পুরসভা, পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ এবং পুলিশ , কেএমডিএ-র প্রতিনিধিদের নিয়ে টিম তৈরি করা হবে। যে সব জায়গায় পোর্ট এবং মেট্রো অথরিটির আধিকারিকদের প্রয়োজন, তাঁদের নিয়ে অডিট কমিটি তৈরি করা হবে।” তবে হাসপাতাল বা অন্যান্য জরুরি ক্ষেত্রে নির্মাণের কাজে ছাড় থাকবে।
বৃহস্পতিবার বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত যে রিপোর্ট পেয়েছেন, তাতে জানতে পেরেছেন, ত্রুটিযুক্ত প্ল্যান ছিল। পরে পুরোটা খতিয়ে দেখা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনজনের মৃত্যুর খবর জানা গিয়েছে। বাকিদের চিকিৎসা চলছে এসএসকেএমে। মুখ্যমন্ত্রী আরও বলেন, “তারাতলায় উদ্ধারের কাজ চলছে। এখনও বেশ কিছু মানুষ জীবিত অবস্থায় আটকে পড়ে আছেন বলে আমাদের আশা। ওখানে সমস্ত আধিকারিক আছেন। আমরা ধন্যবাদ দেব পুলিশ এবং সিভিল ডিফেন্স বিভাগের কর্মীদের। তাঁরা দ্রুত না গেলে এত মানুষকে বাঁচানো যেত না।” জল এবং অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।