Suvendu Adhikari on Mamata: এই অগস্ট হাউসে বলে গেলাম…বেঁচে থাকতে থাকতে সব দেখে যাবেন: শুভেন্দু

CM Suvendu Adhikari: একুশের সভা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "সারারাত ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন। কেউ মঞ্চ ভাঙতে যায়নি। সরকারি বাস দেব বলে তৈরি ছিলাম। অর্জুন সিং বলেছেন, আমার কাছে চায়নি। এরপর পারমিশন দেওয়ার ক্ষেত্রে পুলিশ ২৫ বার ভাববে।"

Suvendu Adhikari on Mamata: এই অগস্ট হাউসে বলে গেলাম...বেঁচে থাকতে থাকতে সব দেখে যাবেন: শুভেন্দু
বিধানসভায় শুভেন্দুর বক্তব্যImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 22, 2026 | 5:22 PM

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের বুথেও হেরেছেন মমতা। তবে, মঙ্গলবার, ২১ জুলাইয়ের অনুষ্ঠান থেকে সুর চড়ান তিনি। কর্মীদের নতুন করে শুরু করার বার্তা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, যে সব মামলা বন্ধ হয়েছে, সেগুলি আবার খোলা হবে।

শুভেন্দু বলেন, “আপনি বলেছেন, বেঁচে আছি দেখে নেব… বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন। বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর, সেটাও প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতে সব দেখে যাবেন।”

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের আমলে, তথা ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর যে হিংসার অভিযোগ উঠেছিল, সে কথাও এদিন উল্লেখ করেন শুভেন্দু। স্বরাষ্ট্র বাজেট নিয়ে আলোচনায় বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনি যা করেছেন, ২১-এর নির্বাচনের পর, ৪৭-এর আগে ব্রিটিশরাও তা করেনি। আপনি কী ভাবছেন আমি ছেড়ে দেব? দরকার হলে সিবিআই-কে লিখব, আবার আমাদের দিয়ে দিন।”

ভবানী ভবনে যত কমপ্লেন এফআরটি (যে সব মামলা বন্ধ করা হয়েছে) করা হয়েছে, সেগুলি আবার খোলা হবে। শুভেন্দু বলেন, “অন রেকর্ড এই অগস্ট হাউসে বলে গেলাম, সব এফআরটি নতুন করে তদন্ত করতে হবে।”

মমতাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এত বড় নেত্রী, মিত্র ইনস্টিটিউশনের ৪টি বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোকও ভোট দেয় না। বাড়ির কাজের লোকেরাও আমাকে বলেছে, ভোট আপনাকেই দিচ্ছি।”

মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্য়ায় শুভেন্দুকে বলেছিলেন যে তিনি নিজের ওয়ার্ডে হেরেছেন। আর ২০২৬-এ নিজের ওয়ার্ডেই হেরে গিয়েছেন মমতা। শুভেন্দু বলেন, “ভগবানের এমন মার যে নিজের ওয়ার্ডে ৪ হাজার ভোটে হেরেছেন। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন। যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল। পরে তো দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন। পুলিশ আর আইপ্যাক। দুটোই আর নেই।”

Follow Us