
কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আগে রাজ্যের আংশিক সময়ের কর্মবন্ধুদের জন্য সুখবর। তাঁদের মাসিক পারিশ্রমিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ, এক ধাক্কায় মাসে ৩ হাজার টাকা পারিশ্রমিক বাড়ল কর্মবন্ধুদের। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন সংশ্লিষ্ট কর্মীরা। আগামী ১ অক্টোবর থেকে বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে বলে জানানো হয়েছে।
রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এর আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে আংশিক সময়ের কর্মবন্ধুদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছিল। এবার সেই অঙ্ক আরও ৩ হাজার টাকা বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আংশিক সময়ের কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল। সেই আবহে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কর্মবন্ধুদের আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে। বিশেষত, উৎসবের মরশুমে এই পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত তাঁদের কাছে বাড়তি পাওনা।
তবে বর্ধিত পারিশ্রমিকের পাশাপাশি অন্য কোনও ভাতা দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে। ফলে মাসিক ৮ হাজার টাকাই হবে তাঁদের নির্ধারিত পারিশ্রমিক।