Government Lawyer: ‘মামলা নিয়ে বসতেই চাই আপনার সঙ্গে’, সরকারি আইনজীবীকেই এবার সরাসরি প্রস্তাব AB সাপোর্টার স্টেট কমিটির GS-এর

Threat Call to Government Lawyer: বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রভাবশালী নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজি ও আয়বহির্ভূত সম্পত্তি মামলার শুনানিতে বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ সরকারি আইনজীবী হিসাবে বিভাস চট্টোপাধ্যায় নিযুক্ত হয়েছেন।

Government Lawyer: মামলা নিয়ে বসতেই চাই আপনার সঙ্গে,  সরকারি আইনজীবীকেই এবার সরাসরি প্রস্তাব AB সাপোর্টার স্টেট কমিটির GS-এর
বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 11, 2026 | 12:05 PM

কলকাতা: রাজ্যের বিশেষ সরকারি আইনজীবীকেই হুমকি ফোন। ধৃত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে এক জনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। বাগুইআটি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, দেবরাজ চক্রবর্তীর মামলায় সরকারের পক্ষে সওয়াল করছেন বিভাস চট্টোপাধ্যায়। অভিযোগ, তাঁকে সম্প্রতি একজন ফোন করে রীতিমতো হুমকির সুরে বলেন, ‘দাদার মামলা নিয়ে কথা বলতে চাই।’ দাদা বলতে এখানে দেবরাজ চক্রবর্তী। পরোক্ষে টাকা দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছিল। বাগুইআটি থানায় নির্দিষ্ট নম্বরটি উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ।

বিশেষ  সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, “৬ তারিখ সকালবেলা আমার ফোনে একটি নম্বর থেকে ফোন আসে। আমি চেম্বারে ছিলাম। ট্রু কলারে নামটা ওঠে রাজু হাসান, এবি সাপোর্টার স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি। হুমকির সুরে তিনি বলেন দাদার জন্য আমার সঙ্গে বসবেন। আমি তখন জিজ্ঞাসা করলাম দাদা কে?”

ঘটনায় বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, “দেবরাজের ঘনিষ্ঠরা এখনও অ্যাক্টিভ। তাই এটাই স্বাভাবিক। ওর হয়ে অনেক ছেলে এলাকায় গুন্ডামি করে। দেবরাজ জেলে, কিন্তু তাঁর স্ত্রী বাইরে রয়েছেন, যিনি বাচ্চার কথা বলে জামিন পেয়েছেন। দেবরাজের হ্যান্ডস বাইরে রয়েছে। আমার কাছে খবর রয়েছে, জেলের ভিতর থেকে নাকি ফোনও ব্যবহার হচ্ছে। কীভাবে ব্যবহার হচ্ছে, তা দেখা উচিত। ব্যবস্থা নেওয়া উচিত।”

উল্লেখ্য, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রভাবশালী নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া তোলাবাজি ও আয়বহির্ভূত সম্পত্তি মামলার শুনানিতে বারাসাত আদালতে সরকার পক্ষের বিশেষ সরকারি আইনজীবী হিসাবে বিভাস চট্টোপাধ্যায় নিযুক্ত হয়েছেন।

প্রসঙ্গত বিধাননগরের সিন্ডিকেট চক্র পরিচালনা, প্রমোটারদের থেকে ব্যাপক তোলাবাজি এবং বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি হস্তান্তরের অভিযোগে ২০২৬ সালের ১ জুলাই রাজ্য পুলিশের এসটিএফ পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে।

Loading...
Unable to load recommendations.
Follow Us