
কলকাতা: দল ক্ষমতা থেকে সরতেই বিরূপ মন্তব্য শুরু করেছেন একাধিক তৃণমূল নেতা। বিশেষ করে যুব নেতারা বারেবারে এই পরাজয়ের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দায়ী করেছেন। তার জন্য পাঁচ নেতাকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে দল। তবে, সত্যিই কি এই বিপুল হারের দায় অভিষেকেরই? কী বলছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (sovandeb chattopadhyay)?
শোভন কিন্তু মোটেই মনে করেন না এই হারের দায় অভিষেকের। তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বারেবারে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যথেষ্ঠ খেটেছেন। বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বলেন, “আমাদের দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটি জায়গা থেকে উত্তোরণ ঘটিয়েছে। একুশ সালে তাঁর নবজোয়ার যাত্রা ছিল অসাধারণ। এবারের নির্বাচনে কাউকে স্কেপগোট করা ঠিক হচ্ছে বলে মনে করি না। অভিষেক কম পরিশ্রম বা কম লড়াই করেননি। তারপরও দলের পরাজয় হয়েছে। আমাদের বিরোধী দল যে রাজনীতি করেছে তার জন্যই এমন হার।”
এখানেই একই সঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দলবিরোধী মন্তব্য যাঁরা করছেন তাঁদের বিরুদ্ধে। শোভনদেবের কথায়, সন্তান যদি ভুল করে তাহলে তাঁকে ঘরের ভিতর শাসন করা উচিৎ, তাঁকে বোঝানো উচিত, সন্তানের ভুল তো মা-বাবা মাইকে প্রচার করে না বাইরে গিয়ে। দলের ক্ষেত্রেও তেমনটাই মনে করেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, “মনের মধ্যে বিরূপতা থাকলে সেটা আরও আগেই বলা উচিত ছিল। সেটা সঠিক জায়গায় বলা উচিত ছিল। আজকে বলার মানে সে দলকে ভালোবাসে না। ছেলে অন্যায় করেছে আমি মাইক লাগিয়ে রাস্তায় বলব না আমার ছেলে খারাপ।”