
কলকাতা: স্বাধীনতা দিবসের সন্ধে রাজভবনে চা চক্রের আয়োজন করে রাজ্যপাল। প্রতি বছরই মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা এবং বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন এই চা চক্রে। এবারও তার অন্যথা হয়নি। আর এ দিনের চা চক্রে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। ছিলেন মদন মিত্রও। সাক্ষাতের বিমান কী বললেন মদনকে?
আজ বিমান বসুর সঙ্গে রাজভবনে হঠাৎ দেখা হয়ে যায় মদন মিত্রের। সাদা পাকা চুলের বিমান বসু হ্যাডসেক করেন কামারহাটির ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়ক মদনের সঙ্গে। তারপর বামফ্রন্ট চেয়ারম্যান বললেন. “ইউ আর মোস্ট কালারফুল”। এ দিকে, সিনিয়রের কাছ থেকে এই বয়েসে এসব শুনে খানিক লজ্জা পেতে দেখা গেল মদনকে। তবে, খুশিই হয়েছেন তিনি।
এ দিন সাংবাদিকদের সামনে কামারহাটির তৃণমূল বিধায়ক কার্যত হেসে-হেসে বলেন, “বিমানদা আমায় বললেন যে, আপনি এই শতাব্দীর সব থেকে কালারফুল বয়। আমার মন খারাপ হলে আমি আপনার ভিডিয়ো দেখি। খুব প্রশংসা করেছেন আমার। উনি সব থেকে প্রবীণ রাজনৈতিক নেতা।” আর নিজের প্রশংসা শুনে কার্যত খুশি মদনও।