
কলকাতা: সুপ্রিম কোর্টের গুঁতো খেয়ে দেশে ফিরেছেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)। পর পর দু’দিন মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তবে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি পুলিশ তাঁকে ‘ফলো’ করছে। নিজের প্রাণ সংশয়েরও আশঙ্কা করছেন তিনি।
এ দিন, টিভি৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে টুলু বলেন, “তিনটে নীল বাতির গাড়ি, পাঁচ-সাতজন সিভিল ড্রেসে দাঁড়িয়ে। আমাদের তিনটে গাড়িকে হেনস্থা করেছে। আমি পুলিশকে সহযোগিতা করতে চাইছি, এ দিকে পুলিশ হেনস্থা করছে। এখন তো প্রাণনাশের আশঙ্কা করছি। এরপর ডাকলে কীভাবে যাব?” তিনি আরও বলেন, “বীরভূম জেলায় আমি সব থেকে বেশি ট্যাক্স দিই। ৪০ থেকে ৫০ কোটি টাকার ট্যাক্স দিই। আমি তো ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আমার অফিসের পেনড্রাইভ, ল্যাপটপ সব তুলে নিয়ে চলে এসেছে।”
কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার হওয়ায় শিরোনামে এসেছিলেন বীরভূমের পাথর সম্রাট মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। তিনি বছরে যে বিরাট অঙ্কের আয়কর দিতেন, তা দেখে চোখ কপালে উঠেছিল তদন্তকারীদের। পরবর্তীতে তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন বলে দাবি করে পুলিশ। দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন, তা নিয়ে রয়েছে বড় জল্পনা। তারপরই শীর্ষ আদালত নির্দেশ দেয়, আগামী ১৭ নভেম্বরের মধ্যে ভারতে ফিরে আসতে হবে টুলু মণ্ডলকে। দেখা গেল, দিনের দিনই ফিরেছেন টুলু। তারপরই পরপর হাজিরা দেন তিনি।