
বেলঘরিয়া: রাসায়নিক স্প্রে করে ৪ বাড়িতে অবাধ লুঠতরাজ! ব্যাপক চাঞ্চল্য বেলঘরিয়ায়। সিসিটিভিতেই ধরা পড়ে গেল সবটা। ঘটনা কামারহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকায়। এখানেই শুক্রবার রাতে পর পর চারটি বাড়িতে হানা দেয় একদল সশস্ত্র দুষ্কৃতী। কিন্তু কাউকে মারধর বা খুন-জখম নয়, একেবারে অভিনব কায়দায় দেওয়া হয় হানা। বিশেষ ধরনের রাসায়নিক স্প্রে করে একের পর এক বাড়ির সদস্যদের অজ্ঞান করে অবাধে চলে ডাকাতি।
জানলা বা দরজার ফাঁক দিয়েই স্প্রে করা হয় রাসায়নিক। তাতেই ঘুমের মধ্যেই আরও দীর্ঘ ঘুমে চলে যান ওই সমস্ত বাড়ির সদস্যরা। এরপর অতি সহজেই বাড়িতে ঢুকে ঘরের আলমারি ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। হাতিয়ে নেওয়া হয় প্রচুর নগদ টাকা। শনিবার সকালে বাড়ির সদস্যদের ঘুম ভাঙলে সকলেই বেশ অসুস্থ বোধ করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ঘরের অবস্থা দেখেই সকলে বুঝে যান পরিস্থিতি।
কিন্তু ডাকাতি শেষে এলাকা ছেড়ে পালানোর সময় দুষ্কৃতীদের সমস্ত গতিবিধিই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন যুবক দ্রুত পায়ে এলাকা ছাড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলঘরিয়া থানার পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে পৌঁছেছে। তা খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও একই রাতে পরপর চারটি বাড়িতে ডাকাতির ঘটনায় চরম এলাকার সামগ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চাপানউতোর চলছে এলাকায়। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলছে পুলিশ।