
কলকাতা ও লখনউ: আঙুল উঁচিয়ে তৃণমূল প্রার্থীর উদ্দেশে হুঁশিয়ারি দিচ্ছেন। ভোটের বাংলায় একজন পুলিশ পর্যবেক্ষকের এই ছবি ভাইরাল হয়েছে। তারপরই প্রশ্ন উঠতে শুরু করে, কে এই পুলিশ পর্যবেক্ষক? জানা যায়, ওই পুলিশ পর্যবেক্ষক আসলে উত্তর প্রদেশের একজন আইপিএস অফিসার। নাম অজয় পাল শর্মা (IPS Ajay Pal Sharma)। তাঁর রণংদেহী মূর্তি সামনে আসার পরই তড়িঘড়ি আসরে নামে তৃণমূল। ওই পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে সরব হয়। আইপিএস অজয় পাল শর্মা অতীতও খুঁজে বের করেন তৃণমূল নেতারা।
উত্তর প্রদেশ সরকারের এনকাউন্টার স্পেশালিস্ট-
আইপিএস অফিসার হিসেবে অজয় পাল শর্মার কেরিয়ারের দিকে নজর দিলে চমকে উঠতে হয়। ২০১১ ব্যাচের আইপিএস অফিসার তিনি। আইপিএস অফিসার হওয়ার আগে ডেন্টাল সার্জেন ছিলেন বছর একচল্লিশের অজয় পাল শর্মা। আইপিএস অফিসার হিসেবে উত্তর প্রদেশের একাধিক জেলায় দায়িত্ব সামলেছেন। হাথরস, রামপুর, জৌনপুর, সামলিতে এসপি ও এসএসপি-র মতো পদে থেকেছেন। বর্তমানে প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ সুপার (আইনশৃঙ্খলা) পদে রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অফিসার হিসেবে তাঁর নাম রয়েছে।
এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে পরিচিত এই সিঙ্ঘম অফিসার। জৌনপুরের পুলিশ সুপার হিসেবে ৫০০-র বেশি এনকাউন্টারে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে মাত্র ২২ মাসে ১৩৬টা এনকাউন্টার হয়েছে। ৫০০-র বেশি এনকাউন্টারে ১৫ অভিযুক্তকে নিকেশ করেছেন তিনি।
উত্তর প্রদেশের এই সিঙ্ঘম আইপিএস-ই এবার পুলিশ পর্যবেক্ষক হিসেবে এসে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের উদ্দেশে তিনি যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। তবে তা নিয়ে তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন, তা স্পষ্ট করে দিয়েছেন উত্তর প্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট এই আইপিএস অফিসার।