
কলকাতা: বিশ্বকর্মা পুজো উপলক্ষে আগামী ১৮ সেপ্টেম্বর পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। পূর্বঘোষিত ১৭ সেপ্টেম্বরের ছুটি পরিবর্তন করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এ বছর পুজো ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) হওয়ায় ছুটির দিন বদল করা হল।
রাজ্যের সমস্ত সরকারি দফতর, স্থানীয় স্বশাসিত সংস্থা, বোর্ড, কর্পোরেশন এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ১৮ সেপ্টেম্বর ছুটি থাকবে। রাজ্য সরকারের বার্ষিক ছুটির তালিকায় ‘লিস্ট ১’ ও ‘লিস্ট ২’ (এনআই অ্যাক্ট ও রাজ্য সরকারের নির্ধারিত ছুটি) মিলিয়ে চলতি বছরে মোট ৫১টি ছুটি রয়েছে। তার মধ্যে সেপ্টেম্বর মাসে এই একটি মাত্র ছুটির দিন পাবেন রাজ্য সরকারি কর্মীরা।
তবে আগামী মাসেই মিলতে চলেছে দীর্ঘ ছুটি। অক্টোবর মাসে দুর্গাপুজো ও অন্যান্য উৎসব মিলিয়ে সরকারি কর্মচারীদের জন্য মোট ১২ দিনের ছুটি রয়েছে। সেপ্টেম্বরের এই একটি ছুটির পর অক্টোবর মাসের দীর্ঘ পুজো অবকাশের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন কর্মীরা।