
কলকাতা: ভোটবঙ্গে সক্রিয় পুলিশ। প্রথম দফা ভোটের বাকি রয়েছে আর দুইদিন। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে এক রাতে ১৩৫ অপরাধীদের গ্রেফতার করল পুলিশ। একাধিক জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। প্রথম দফা ভোটের আগে এই গ্রেফতারি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। শুধু তাই নয়, এক রাতে এত জন গ্রেফতার হওয়ার ঘটনা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে।
মোট চার জেলা থেকে দাগি অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ ও মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে মোট ১৩৫ জনকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। প্রসঙ্গত, ভোটের আগে দাগি অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এই নির্দেশের পরই তৎপর হয় পুলিশ প্রশাসন। তারপরই একরাতে শতাধিক গ্রেফতার হয়েছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এবার ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ। বারবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সম্প্রতি, পুলিশ প্রশাসনের সঙ্গেও ভার্চুয়াল বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। সেখানেই বলা হয়, আগে ভোট অশান্তিতে যারা যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করা হোক। কেন পদক্ষেপ করতে দেরি হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তোলে কমিশন। তারপরই দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পদক্ষেপ না করা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও কমিশন। একইসঙ্গে কোনও অশান্তির ঘটনা ঘটলে কড়া পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কমিশন
২৩ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ১৬ জেলায় ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। এদিকে, প্রথম দফার নির্বাচনের আগে বুথের নিরাপত্তা ও নজরদারি নিয়ে একগুচ্ছ নতুন পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের প্রায় সব বুথই ‘স্পর্শকাতর’। এর মধ্যে চিহ্নিত করা হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার ‘অতি-স্পর্শকাতর’ বুথ। যার মধ্যে প্রথম দফায় ভোট হতে চলা ১৫০০টি বুথ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন।