TMC-BJP Clash: রাকেশ সিং-এর সভাকে ঘিরে তুলকালাম, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত একবালপুর, ঝড়ল রক্তও!

WB Assembly Election 2026: সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর সভা ছিল। অভিযোগ, সভা চলাকালীন বিজেপির উদ্দেশে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন ব্যক্তি। বিজেপির অভিযোগ, ওই ব্যক্তিরা আসলে তৃণমূল আশ্রিত গুন্ডা। পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপিও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

TMC-BJP Clash: রাকেশ সিং-এর সভাকে ঘিরে তুলকালাম, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত একবালপুর, ঝড়ল রক্তও!
একবালপুরে উত্তেজনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 21, 2026 | 7:10 AM

কলকাতা: ভোটের মুখে উত্তপ্ত কলকাতার একবালপুর। বিজেপির সভা ঘিরে উত্তেজনা ছড়াল। সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা ঘিরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখায় দুই পক্ষই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ

সোমবার রাতে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিং-এর সভা ছিল। অভিযোগ, সভা চলাকালীন বিজেপির উদ্দেশে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন ব্যক্তি। বিজেপির অভিযোগ, ওই ব্যক্তিরা আসলে তৃণমূল আশ্রিত গুন্ডা। পাল্টা স্লোগান দিতে শুরু করে বিজেপিও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। এক মহিলা বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন।

একবালপুর থানার সামনে বিক্ষোভ

যখন এই ঘটনা ঘটে, তখন সেখানে উপস্থিত ছিলেন না রাকেশ সিং। অন্য জায়গায় সভা চলছিল তাঁর। এমনই দাবি করেছেন তিনি। পরে বিজেপি প্রার্থী সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনায় পুলিশি নিস্ক্রয়তার অভিযোগ তোলেন তিনি। এরপরই তাঁর নেতৃত্বে একবাল থানায় পৌঁছন বিজেপি কর্মীরা। থানার সামনেই অবস্থান-বিক্ষোভে বসেন তাঁরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান রাকেশ সিং। এদিকে, থানার সামনে জড়ো হয় তৃণমূল কর্মী-সমর্থকরাও। একবালপুর থানা ঘিরে তাঁরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে, একবালপুর থানার সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

ঘটনায় এক বিজেপি মহিলা কর্মী গুরুতর আহত হয়েছেন বলে খবর। এছাড়া, রাকেশ সিং-এর মেয়েও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাকেশ সিংও।

রাকেশ সিং বলেন, “অনুমতি নিয়েই হাসন শাহ রোডে আমার একটা সভা হচ্ছিল। ওখানেই চার-পাঁচজন ব্যক্তি ঝামেলা করে। খবর পেয়েই আমি পুলিশকে জানাই। কিন্তু কোনও কাজ হয়নি। বরং পুলিশের উপস্থিতিতেই আমাদের মা-বোন ও বিজেপি কর্মীদের মারধর করা হয়। সব সিসিটিভি ফুটেজে রয়েছে। পরে তিনজনকে গ্রেফতার করা হয়। ওদের ছাড়ানোর জন্য তৃণমূলের লোকেরা এসে ঝামেলা করছে।”

তৃণমূল কর্মী বলেন, “বিজেপির একটা সভা ছিল হুসেন শাহ রোডে। সভা চলাকালীন কোনও এক ব্যক্তি সেখানে আপত্তিজনক কথাবার্তা বলেন। ওই কথা বলার পর এলাকার কয়েকজন মানুষ প্রতিবাদ জানান। উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীকালে সেখানে রাকেশ সিং উপস্থিত হয়। গালিগালাজ করে।”

Follow Us