
কলকাতা: জনগণনার কাজের জন্য ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক (Madhyamik-Higher Secondary) পরীক্ষা পিছিয়ে যাওয়া নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই।মাধ্যমিকের জন্য প্রস্তাবিত সময়সূচিও দেওয়া হয়েছিল। এবার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের রুটিন (Madhyamik-Higher Secondary Exam Routine) চূড়ান্ত করে নবান্নে পাঠাল বিকাশ ভবন। রুটিন অনুযায়ী, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে প্রায় দুই সপ্তাহ। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিকের তিনদিন পরেই। তবে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনেকদিন ধরেই চলবে।
আজ বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সেখানেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের দিনক্ষণের ঘোষণা করেন তিনি। যদিও মন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার দিন এখনও চূড়ান্ত নয়। শিক্ষা দফতর থেকে এই দুই পরীক্ষার রুটিনে অনুমোদন চেয়ে নবান্নে পাঠানো হয়েছে। নবান্নের তরফে অনুমোদনের পরই চূড়ান্ত হবে দিনক্ষণ।
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ মার্চ। চলবে ১৬ মার্চ পর্যন্ত।
মাধ্যমিকের তিনদিন পরে ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। ১২ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা। উচ্চ-মাধ্যমিক অনেকদিন ধরে চলবে। এর কারণ হিসেবে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ১৯ মার্চ থেকে ১৭ এপ্রিলের মাঝে সর্বভারতীয় পরীক্ষা থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে ৭ দিনের গ্যাপ দেওয়া হয়েছে।
জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ। আর সে কারণে পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার সূচি। স্কুল শিক্ষকরা জনগণনার কাজের সঙ্গে যুক্ত। পরীক্ষার সময়ে শিক্ষকদের পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। তাই পরীক্ষার সূচি বদলের জন্য একাধিক প্রস্তাব পড়েছিল। তাতেই মান্যতা দিয়ে নতুন রুটিন চূড়ান্ত করে নবান্নকে পাঠাল শিক্ষা দফতর।