SSC: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, পুরনো প্যানেল বাতিল করল স্কুল সার্ভিস কমিশন

WBSSC Teacher Recruitment: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। আগে প্রকাশিত সব তালিকা বাতিল করে দিল এসএসসি। প্রিলিমিনারি ইন্টারভিউ তালিকা বাতিলের পাশাপাশি চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্টও বাতিল করা হয়েছে। একইসঙ্গে নতুন সংরক্ষণ বিধি মেনে সংশোধিত তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।

SSC: একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, পুরনো প্যানেল বাতিল করল স্কুল সার্ভিস কমিশন
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Sep 28, 2026 | 8:56 PM

কলকাতা: একাদশ-দ্বাদশ সহকারি শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। আগে প্রকাশিত সব তালিকা বাতিল করে দিল এসএসসি। ইন্টারভিউ তালিকা বাতিলের পাশাপাশি চূড়ান্ত প্যানেল ও ওয়েটিং লিস্টও বাতিল করা হয়েছে। একইসঙ্গে ৭ শতাংশ নতুন সংরক্ষণ বিধি মেনে সংশোধিত তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর সেই তালিকা থেকে বাদ পড়ল অন্তত এক হাজারের বেশি যোগ্য শিক্ষক।

স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগের কাউন্সেলিং প্রক্রিয়ার ভিত্তিতে যে সমস্ত নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছিল, সেগুলিও প্রত্যাহার করা হয়েছে। নতুন সংরক্ষণ বিধির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ করা হয়েছে।

তবে যাঁরা আগের তালিকায় ছিলেন এবং ইতিমধ্যেই ইন্টারভিউ ও নমুনা পাঠদানে অংশ নিয়েছেন, তাঁদের নতুন করে ইন্টারভিউ দিতে হবে না। আগের ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনে পাওয়া নম্বরই বহাল থাকবে। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে আগের লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মূল্যায়ন হবে।

নতুন সংশোধিত তালিকার ফলে যে সমস্ত চাকরিপ্রার্থী নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাঁদের নথিপত্র নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী ধাপে এগোবে স্কুল সার্ভিস কমিশন। এরপর সংশোধিত চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করবে SSC। সেই সঙ্গে নতুন প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ আগের প্যানেল ও ওয়েটিং লিস্টের পরিবর্তে নতুন সংরক্ষণ বিধি মেনে তৈরি তালিকাই নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে।

অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো, ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ বিধি মেনে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে ইতিমধ্যে ইন্টারভিউ ও নমুনা পাঠদানে অংশ নেওয়া প্রার্থীদের গোটা প্রক্রিয়ায় নতুন করে অংশ নিতে হবে না। তাঁদের পুরনো নম্বর বহাল রেখেই সংশোধিত মেধাতালিকা তৈরি করবে স্কুল সার্ভিস কমিশন।

ওবিসি সংরক্ষণ

পশ্চিমবঙ্গে একটা সময় ওবিসি-দের জন্য ৭ শতাংশ সংরক্ষণ ছিল। পরবর্তীতে ২০১০ সালে সেই সংরক্ষণের হার বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়। ২০২৪ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশে ৬৬টি শ্রেণির জন্য ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের ব্যবস্থা বহাল থাকে। আদালতের রায়ের ভিত্তিতে ওই ৬৬টি শ্রেণির জন্য ৭ শতাংশ ওবিসি সংরক্ষণের ব্যবস্থা বহাল থাকে।

রাজ্যে পালাবদলের পর ওবিসি সংরক্ষণ নিয়ে আগের বিজ্ঞপ্তি বাতিল করে রাজ্য সরকার। নয়া বিজ্ঞপ্তি জারি করে শ্রম দফতর। সরকারি চাকরিতে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রাখার বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতেই এই পদক্ষেপ করল এসএসসি।

Loading...
Unable to load recommendations.
Follow Us