
কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার রাতেই প্রবল বৃষ্টি, সঙ্গে ঝড় আর বজ্রপাত দেখেছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সকাল থেকেও আকাশের মুখ ভার। রোদের দেখা নেই বললেই চলে। সকালের আবহাওয়াই দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে নামতে শুরু করেছে তাপমাত্রাও।
আজ, মঙ্গলবার আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়ে। এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কোথাও কোথাও। সকাল থেকেই বজ্রগর্ভ মেঘের আনাগোনা চলছে। দক্ষিণবঙ্গের ৭ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
শুধু বৃষ্টি নয়। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে জায়গায় জায়গায়। অর্থাৎ ফের একবার ঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে। কলকাতায় এদিন ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
আগামী বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়াই থাকবে। ২ দিন পর ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানা গিয়েছে।
এদিন সকাল থেকে বাঁকুড়ায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ ঘন মেঘে ঢেকে থাকায় এখনো সূর্যের দেখা মেলেনি। এদিকে সোমবার সন্ধ্যা থেকে দফায় দফায় বৃষ্টিতে কিছুটা হলেও লাগাম পড়েছে তাপমাত্রায়। সাময়িকভাবে হলেও স্বস্তি ফিরেছে জেলাবাসীর। পশ্চিম মেদিনীপুরেও একই ছবি। বৃষ্টিতে রাস্তাঘাটে কাদা জমেছে, তার মধ্যেই চলছে মুখ্যমন্ত্রীর জনসভার কাজ।