Weather Update: ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা, ঘুরে দাঁড়িয়ে আলাদাই খেলা শুরু শীতের

Kolkata Weather: আগামী সাতদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। কলকাতা সহ বাকি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার-পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা।

Weather Update: ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা, ঘুরে দাঁড়িয়ে আলাদাই খেলা শুরু শীতের
Image Credit source: PTI

Feb 07, 2026 | 10:05 AM

কমলেশ চৌধুরী, সৌভিক দেবনাথ

কলকাতা: মাঘেই শীতের বিদায়! বঙ্গবাসী গত কয়েকদিনে এমনটাই ভেবে নিয়েছিল। শেষ পর্যন্ত ফিরল শীত। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কাটিয়ে এবার শীতের ‘কামব্যাক’। ১৩ দিন পর ১৪ ডিগ্রির ঘরে নামল কলকাতার পারদ। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের আমেজ বাড়ল জেলায়।

গত ২৪ জানুয়ারি শেষবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছিল কলকাতার তাপমাত্রা। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সেদিনও ছিল শনিবার। আর আজ আবারও শনিবারে কলকাতার তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিনে শীত প্রায় উধাও হয়ে গিয়েছিল।

পশ্চিমী ঝঞ্ঝায় আটকে ছিল শীত। এবার শেষবেলায় জমিয়ে উত্তুরে হাওয়া অনুভূত হচ্ছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমেছে। আগামী ২৪ ঘন্টায় একই রকম থাকবে তাপমাত্রা। আগামী সোমবার ও মঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।

এখন উত্তর আফগানিস্তান এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। জম্মু-কাশ্মীর হয়ে সেই পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৮ ফেব্রুয়ারি, রবিবার। শীত শেষের আগে আরও একবার বাড়ল ঠান্ডা। রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা ১০-১১ ডিগ্রির ঘরেও নেমে গিয়েছে। ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা। সিউড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, শ্রীনিকেতনের পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। ১১ ডিগ্রির ঘরে নেমেছে জলপাইগুড়ি, কোচবিহারের তাপমাত্রা।

আগামী সাতদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশে। কলকাতা সহ বাকি জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী চার-পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের উপরের দিকে কালিম্পং সহ সমতলের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। মালদহ সহ নীচের দিকের জেলায় ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা।