
কলকাতা: রাজ্যে এখনও কার্যকর হয়নি গুন্ডা দমন বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) নাকি বিলে সই করেননি বলে জোর আলোচনা শুরু হয়। যদিও, আগেই বিতর্কের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বিল রাষ্ট্রপতির কাছে যায়নি। একটি পার্ট লাগু হয়েছে। অন্য একটি পার্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। তবে, কী কারণে লাগু করা যায়নি, রাজ্যে কবে কার্যকর হবে, গুন্ডা দমন বিলের স্ট্যাটাস কী, সবটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আজ, মহালয়ার দিন ব্রিগেডে ১১২ ডায়াল প্রোগ্রামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যে বিভিন্ন সময় পুলিশের উপর হামলার প্রসঙ্গ তুলে ধরেন। বলেন, “আমাদের রাজ্যে এতদিন সিভিক নির্ভর পুলিশ ব্যবস্থা চালানো হয়েছে। ম্যান পাওয়ার না থাকলে, সাইবার, পরিকাঠামো ইত্যাদি না থাকলে আপনাকে লড়াই করতে পাঠাব, আপনি নিজেই তো আক্রান্ত হবে। পার্কস্ট্রিটে সিআরপিএফদের পাথর ছোড়া হল, আমি নিজে গিয়েছি সেখানে। বলে এসেছি যতদিন পুলিশমমন্ত্রী রয়েছি, যদি কেউ পুলিশের গায়ে হাত দেয় তার অবস্থা খারাপ হবে। আসানসোলে পুলিশ ফাঁড়ি ভেঙে দিয়েছিল। টাকা আদায় করেছি তাঁদের কাছ থেকে।”
এরপরই পুলিশের হাত শক্ত করতে দু’টি আইনের কথা বলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, “দু’টি আইন এনেছি আপনাদের হাত শক্তিশালী করার জন্য। একটা হল সরকারি সম্পত্তি ক্ষতি করলে তা আদায় করার আইন, আরেকটা প্রিভেন্টিং অ্যারেস্ট। একটা আইন কার্যকর হয়ে গিয়েছে। আরেকটা আন্ডার কন্সিডারেশন রয়েছে।”
কেন কার্যকর করা হয়নি, কারণ হিসেবে শুভেন্দুর দাবি, “সেখানে এনডিপিএস-এর একটি অ্যাক্টের সঙ্গে ক্যাপিটাল পানিসমেন্টের প্রশ্ন আছে। আমরা আশা করব কিছুদিনের মধ্যে পেয়ে যাব। এর আগে অন্ধ্রপ্রদেশ পেয়েছে।” অর্থাৎ মুখ্যমন্ত্রীর দাবি, খুব শীঘ্রই অনুমোদন পেয়ে যাবেন তাঁরা।