Prisoners of Bengal: জেলের কয়েদিরাও ভর্তি হচ্ছে ইউনিভার্সিটিতে! মাস্টার্স ডিগ্রিতে পাশের হার ১০০ শতাংশ

West Bengal Assembly: বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক প্রশ্ন করেছিলেন, উচ্চশিক্ষায় আগ্রহী সংশোধনাগারের আবাসিকদের জন্য কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রীয় সংশোধনাগারের কতজন আবাসিক ওপেন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই তথ্যও জানতে চান বিজেপি বিধায়ক।  সেই প্রশ্নের জবাবেই উঠে আসে এই চমকপ্রদ তথ্য।

Prisoners of Bengal: জেলের কয়েদিরাও ভর্তি হচ্ছে ইউনিভার্সিটিতে! মাস্টার্স ডিগ্রিতে পাশের হার ১০০ শতাংশ
সংশোধনাগারের ছবি (ফাইল চিত্র)Image Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Feb 06, 2024 | 4:54 PM

কলকাতা: বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়ে গিয়েছে। আজ ছিল প্রশ্নোত্তর পর্ব। সেখানেই উঠে এল চমকপ্রদ তথ্য। রাজ্যে জেলবন্দি কয়েদিদের উৎসাহ বাড়ছে উচ্চশিক্ষায়। ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পড়াশোনা করছেন পড়াশোনায় আগ্রহী জেলবন্দিরা। এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক প্রশ্ন করেছিলেন, উচ্চশিক্ষায় আগ্রহী সংশোধনাগারের আবাসিকদের জন্য কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রীয় সংশোধনাগারের কতজন আবাসিক ওপেন ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই তথ্যও জানতে চান বিজেপি বিধায়ক।  সেই প্রশ্নের জবাবেই উঠে আসে এই চমকপ্রদ তথ্য।

কারামন্ত্রী অখিল গিরি এদিন জানান, রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগারগুলির যে আবাসিকরা পড়াশোনায় আগ্রহী, তাঁদের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য আঞ্চলিক পরীক্ষাকেন্দ্র হল প্রেসিডেন্সি সংশোধনাগার। মন্ত্রী জানালেন, জেলবন্দিদের মধ্যে ২ জন আবাসিক স্নাতকোত্তর কোর্সের জন্য ভর্তি হয়েছিলেন। দু’জনেই পাশ করেছেন। এর পাশাপাশি স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন ১১ জন আবাসিক। তাঁদের মধ্যে ২ জন পাশ করে গিয়েছেন। বাকিদের মধ্যে ৮ জনের রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি।

সার্টিফিকেট কোর্সেও ভর্তি হয়েছেন অনেক আবাসিক। ৪৪ জন আবাসিক পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী ইতিমধ্যেই পাশ করে গিয়েছেন। মন্ত্রী জানালেন, বাকি ৩০ জন হয় ইতিমধ্যেই সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে গিয়েছেন, কিংবা তাঁদের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। সাম্প্রতিককালে জেলবন্দি আবাসিকদের মধ্যে পড়াশোনা এবং সংশোধনাগার থেকে মুক্তির পর নিজেদের জীবিকা নির্বাহের প্রসঙ্গে আগ্রহ অনেকটা বেড়েছে বলেই জানাচ্ছেন মন্ত্রী অখিল গিরি। মন্ত্রীর দাবি, আবাসিকদের কম্পিউটার শিক্ষার দিকেও আগ্রহ রয়েছে যথেষ্ট।

প্রসঙ্গত, এদিন বিশ্বনাথ কারক বিধানসভায় প্রশ্ন করেছিলেন, বিভিন্ন কেন্দ্রীয় সংশোধনাগারে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পঠনপাঠন করানো হচ্ছে কি না। বর্তমানে কেন্দ্রীয় সংশোধনাগারে কতজন মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন? জবাবে জানানো হয়,  হ্যাঁ, পড়ানো হচ্ছে। বর্তমানে অনুপ রায় নামে একজন বন্দি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন।

Follow Us