
কলকাতা: এবারের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে শুভেন্দু-সরকার। স্বাস্থ্য় পরিষেবায় খরচ কমাতে, বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা মাথায় রেখেই বিশেষ উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ‘প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে বিভিন্ন ব্রান্ডেড ওষুধ ৫০-৮০ শতাংশ কমে পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে এবং চিকিৎসাজনিত খরচ কমাতে ‘আয়ুষ্মান ভারত — প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ চালু করা হয়েছে। অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষ এতে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা পাবেন। প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার নিশ্চয়তা পাবেন। এই প্রকল্পের জন্য ৩,১০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে ASHA, ICDS কর্মী এবং ৭০ বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকসহ প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হবেন। যাঁরা এই স্কিমের আওতাভুক্ত নন, তাঁদের সিএম রিলিফ ফান্ড থেকে সাহায্য করা হবে।
উত্তরবঙ্গের নাগরিকদের জন্য চিকিৎসার সেরা সুযোগ মেলাতে তৈরি হচ্ছে নতুন এইমস (AIIMS) এবং একটি আধুনিক ক্যান্সার হাসপাতাল। পাশাপাশি, উত্তরবঙ্গেরই পাহাড় ও সমতলের সংযোগ বাড়াতে দক্ষিণ দিনাজপুর ও কালিম্পঙে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ। একই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলাতেও। সামগ্রিকভাবে রাজ্যে চিকিৎসা পরিষেবার বিকেন্দ্রীকরণ ও কর্মসংস্থান বাড়াতে ৫টি নতুন মেডিক্যাল হাব তৈরির বড়সড় ঘোষণাও করা হয়েছে।
দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে সুন্দরবনে চালু হচ্ছে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা। এর ফলে নদীমাতৃক এই অঞ্চলের রোগীরা আপৎকালীন সময়ে দ্রুত মূল ভূখণ্ডের হাসপাতালে পৌঁছাতে পারবেন। হাসপাতালের অন্তর্বিভাগের রোগীদের পুষ্টির দিকে নজর দিয়ে এবার রোগী পিছু দৈনিক খাবারের বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।
রাজ্যের বাইরে ভেলোর বা মুম্বইয়ের মতো নামী চিকিৎসাকেন্দ্রে ভিন রাজ্যে চিকিৎসার প্রয়োজনে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয়দের। সেই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে এবার ভেলোর ও মুম্বইয়ে বিশেষ থাকার ব্যবস্থা (গেস্ট হাউস বা বোর্ডিং সুবিধা) নিশ্চিত করেছে সরকার। সব মিলিয়ে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ভিন রাজ্যের চিকিৎসা-সহায়তা— প্রতিটা ক্ষেত্র ছুঁয়ে গিয়েছে বাজেট।
একনজরে স্বাস্থ্যক্ষেত্রে কী কী উদ্যোগ
উত্তরবঙ্গে এইমস ও ক্যান্সার হাসপাতাল