
কলকাতা: বিজেপি সরকারের প্রথম বাজেটে (West Bengal Budget 2026) নির্মাণক্ষেত্রে একাধিক বড় ঘোষণা রাজ্য সরকারের। রাস্তা, সেতু থেকে শুরু করে নদী বন্দর- সব ক্ষেত্রেই অর্থ বরাদ্দ করা হচ্ছে। সেই সঙ্গে একাধিক বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan DasGupta)। ১-২টি নয়, একসঙ্গে চারটি নতুন বিমানবন্দর তৈরি করার কথা ঘোষণা করা হল রাজ্য বাজেটে।
এতদিন পর্যন্ত রাজ্যে বিমানবন্দর বলতে ছিল কলকাতা ও বাগডোগরা। রাজ্যের দুই প্রান্তে দুই বিমানবন্দরই ছিল ভরসা। তবে বাগডোগরা থেকে সব জায়গায় যাওয়ার বিমান পাওয়া যেত না। এবার চার জেলায় বিমানবন্দর তৈরির কথা ঘোষণা করা হল রাজ্য বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উল্লেখ করলেন, আঞ্চলিক পর্যটন বাড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা আরও পোক্ত হবে।
কেন্দ্রীয় সরকারি উড়ান স্কিমে এই বিমানবন্দর চালু করা হবে বলে জানানো হয়েছে। মালদহ, পুরুলিয়া, বালুরঘাটে তৈরি হবে বিমানবন্দর। কোচবিহারে যে বিমানবন্দর রয়েছে, তা বর্ধিত করা হবে। এর জন্য এই অর্থবর্ষে ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া কলকাতা বিমানবন্দরে যাত্রী সংখ্যা বহরে বেড়ে যাওয়ায়, দ্বিতীয় বিমানবন্দর তৈরি করা হবে কল্যাণীতে। অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, কল্যাণীতে ওই বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার ১০ হাজার থেকে ১৫ হাজার একর জমি চিহ্নিত করবে। সেখানেই তৈরি হবে দ্বিতীয় বিমানবন্দ র।