
কলকাতা: কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের। কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য এবার অনলাইনেই আবেদন করা যাবে। আর তার জন্য ৮০ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, ট্র্যাক্টর ভাড়া দিয়েও কৃষকরা অতিরিক্ত আয় করতে পারবেন। আজ থেকেই অনলাইনে শুরু হচ্ছে আবেদন। গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে লটারি ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
মন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা থাকবে। পাশাপাশি, যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকার দেবে ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি। মোট ৪০৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে সরকার। কৃষক তাঁর পছন্দ অনুযায়ী যে কোনও সংস্থার কাছ থেকে ট্র্যাক্টর কিনতে পারবেন।
আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে অনলাইন আবেদন। আগামী এক মাস ধরে আবেদন করা যাবে। এই সুবিধা পাবেন ১৮ থেকে ৭০ বছর বয়সি কৃষকরা। তবে আবেদনকারীর কৃষক বন্ধু বা পিএম কিষান আইডি থাকা বাধ্যতামূলক। অর্থাৎ যাঁদের এই দুই প্রকল্পের কোনও আইডি নেই, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন না।
মন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, এবার মোট ৬৭ হাজার ৫৮৫ জন কৃষককে প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে গোটা প্রক্রিয়া হবে লটারির মাধ্যমে। অর্থাৎ লটারির মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। মূলত, স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ করছে রাজ্য সরকার। এই উদ্যোগে বহু কৃষক উপকৃত হবেন বলে মনে করছেন মন্ত্রী।