CM Suvendu Adhikari: ‘আমি অর্থসচিবকে বলেছি, কমাতে হবে’, কমতে চলেছে… সরকারি কর্মীদের জন্য কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের

Nabanna: বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা বছরে প্রায় ৫০ দিন ছুটি ভোগ করেন। এই লম্বা তালিকায় লাগাম টানতে তৎপর হয়েছে নবান্ন। অর্থ দফতরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অর্থসচিব ৪৫ দিনের একটি খসড়া তালিকা দিলেও তা আরও কমিয়ে ৪০ দিনে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

CM Suvendu Adhikari: আমি অর্থসচিবকে বলেছি, কমাতে হবে, কমতে চলেছে... সরকারি কর্মীদের জন্য কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit source: TV9 Bangla

Nov 05, 2026 | 10:36 AM

কলকাতা: প্রশাসনে কাজের গতি ও সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে বছরে মাত্র ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারি স্তরে বকেয়া কাজের পাহাড় জমে রয়েছে এবং সেই অচলাবস্থা কাটিয়ে দ্রুত কাজ শেষ করতেই এই কঠোর পদক্ষেপ করা হচ্ছে।

বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা বছরে প্রায় ৫০ দিন ছুটি ভোগ করেন। এই লম্বা তালিকায় লাগাম টানতে তৎপর হয়েছে নবান্ন। অর্থ দফতরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, অর্থসচিব ৪৫ দিনের একটি খসড়া তালিকা দিলেও তা আরও কমিয়ে ৪০ দিনে আনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কোন কোন উৎসব বা পার্বণের ছুটি বাদ পড়তে চলেছে, সে বিষয়ে এখনও চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, আগের জমানায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক অনুষ্ঠান ও মনীষীদের জন্মজয়ন্তী উপলক্ষে ছুটির তালিকা দীর্ঘায়িত হয়েছিল, যা এবার ছাঁটাই করতে চাইছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “আমি অর্থসচিবকে ডেকে বলেছিলাম, কমাতে হবে। উনি ৪৫ দিনের একটি তালিকা দিয়েছেন। বলেছি, ওটা আরও কমিয়ে ৪০ করতে।”

অন্যদিকে, এ দিন ছুটি কমানোর বার্তার পাশাপাশি পূর্বতন সরকারকে রাজস্ব আদায় ইস্যুতে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অতিরিক্ত কোনও কর না চাপিয়েই নতুন সরকার ক্ষমতায় এসে প্রথম ছ’মাসেই আগের সরকারের গোটা অর্থবর্ষের তুলনামূলক রাজস্বের চেয়ে চার হাজার কোটি টাকা বেশি আদায় করে দেখিয়েছে। তবে এই বাড়তি আয় কোন ক্ষেত্র থেকে এসেছে বা কোন আর্থিক বছরের সঙ্গে তুলনা টানা হয়েছে, সে বিষয়ে সে দিন বিস্তারিত তথ্য দেননি তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us