
কলকাতা: ২০২৭ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত। পিছিয়ে যাচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে জনগণনার কাজ। আর সে কারণে পিছিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার সূচি। স্কুল শিক্ষকরা জনগণনার কাজের সঙ্গে যুক্ত। পরীক্ষার সময়ে শিক্ষকদের পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। পরীক্ষার সূচি বদলের জন্য একাধিক প্রস্তাব পড়েছিল। তাতেই মান্যতা দিল পর্ষদ।
পর্ষদ সূত্রে খবর, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে জনগণনার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ, যা চলবে ১ মার্চ পর্যন্ত। এই বৃহৎ প্রক্রিয়ায় বিপুল সংখ্যক স্কুলশিক্ষক যুক্ত থাকবেন। ফলে ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া হলে কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় শিক্ষক ও পরিদর্শক পাওয়ার ক্ষেত্রে তীব্র প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে। এই জটিলতা এড়াতেই পর্ষদ সভাপতি ড. রামানুজ গঙ্গোপাধ্যায় ২ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের কমিশনারকে চিঠি দিয়ে নতুন সূচির অনুমোদনের আবেদন জানিয়েছেন।
| তারিখ | বিষয় |
| ২ মার্চ, ২০২৭ | প্রথম ভাষা |
| ৩ মার্চ, ২০২৭ | দ্বিতীয় ভাষা |
| ৫ মার্চ, ২০২৭ | ইতিহাস |
| ৮ মার্চ, ২০২৭ | ভূগোল |
| ১২ মার্চ, ২০২৭ | গণিত (অঙ্ক) |
| ১৩ মার্চ, ২০২৭ | ভৌতবিজ্ঞান |
| ১৫ মার্চ, ২০২৭ | জীবনবিজ্ঞান |
| ১৬ মার্চ, ২০২৭ | ঐচ্ছিক বিষয় |
সূচি বদলের ক্ষেত্রে সর্বভারতীয় প্রবেশিকা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষার দিনক্ষণের সঙ্গে যাতে কোনও সংঘাত না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে। তবে এটি পর্ষদের একটি প্রস্তাবিত সূচি; রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের পরেই এটি কার্যকর হবে।