
কলকাতা: প্লাস্টিকের বদলে এবার ভুট্টা দানার ব্যাগ ব্যবহৃত হবে। অভিনব ভাবনা ভাবলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনিতেই প্লাস্টিক পরিবেশ দূষিত করে। বহুবার সেই প্লাস্টিক বন্ধের চেষ্টা করা হয়েছে। কখনও চটের ব্যাগ, কখনও পাটের ব্যাগ ব্যবহার বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এবার ভুট্টা দানার তৈরি ব্যাগের কথা বললেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)।
এ দিন, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, এই ব্যাগগুলি বাজারে রাখা থাকবে। ২ টাকা, ৫ টাকা কিংবা ১০ টাকা দিয়ে ভেন্ডিং মেশিন থেকে কিনতে হবে। তারপর সেটি ব্যবহার করা যাবে। এই ব্যাগগুলি জলে দিলেই গলে যাবে। ফলে এই ব্যাগ যেমন পরিবেশ দূষণ করবে না, তেমনই বাড়িতে রাখার কোনও ঝামেলা নেই।
অগ্নিমিত্রা বলেন, “প্লাস্টিক ব্যবহার বন্ধের জন্য বাজারে মেশিন দিয়েছি। যেখানে ৫ টাকা বা ১০ টাকা দিলে কাপড়ের ব্যাগ পাবেন। ভুট্টা দানা দিয়ে তৈরি একরকমের ব্যাগ আছে, যা দেখতে প্লাস্টিকের মতো। এটা একবার ব্যবহার করবেন তারপর জলে দিলেই গলে যাবে।” তিনি আরও বলেন, “হয়ত কখনও মাছ-মাংস কিনতে গিয়ে দেখলেন ব্যাগ ভুলে গিয়েছেন। তখন ২ টাকার ভুট্টা দানার ব্যাগ ভেন্ডিং মেশিনে পেয়ে যাবেন।”
এখানেই শেষ নয়, তিনি জানান এবার থেকে প্লাস্টিকের বোতলও ভেন্ডিং মেশিনে দিলে বেরবে ব্যাগ। অগ্নিমিত্রা বলেন, “আমরা এমনও মেশিন আনছি একটা প্ল্যাস্টিকের বোতল ঢুকিয়ে দিলে ব্যাগ বেরবে। এর জন্য কোনও পয়সা দিতে হবে না।”