
কলকাতা: বদলি করার নামে শিক্ষকদের (West Bengal Teacher Transfer Rules) অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষকরা। এবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) নাম করে বদলি করে দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ উঠল। আর এই অভিযোগ উঠতেই তৎপর SSC। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের (School Service Commission) তরফে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেআইনি কাজের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের কোনও যোগ নেই। এছাড়া এরকম কোনও প্রস্তাব এলে কী কী করণীয়, তাও জানিয়ে দিয়েছে কমিশন।
বিগত সরকারের আমলে এসএসসি-র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। সেখানেই স্বচ্ছতার বার্তা দিতে নতুন উপদেষ্টা কমিটি গড়ে দেওয়া হয়। কিন্তু, এখনও অভিযোগ উঠছে শিক্ষকদের অশালীন প্রস্তাব দেওয়া হচ্ছে। বদলির নামে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ পৌঁছয় স্কুল সার্ভিস কমিশনের কাছেও। এরপরই বিজ্ঞপ্তি জারি করে এসএসসি।
বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, বদলি সংক্রান্ত এমন কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে কমিশনের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই। নিয়ম অনুযায়ী বদলির ক্ষেত্রে কমিশনই শুধুমাত্র সুপারিশ করে। বদলির অনুমোদন ও নির্দেশ জারি করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। কমিশনের নামে কোনও ব্যক্তি অনুচিত প্রস্তাব বা বদলির প্রতিশ্রুতি দিলে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমন কোনও প্রস্তাব বা যোগাযোগ পেলে সংশ্লিষ্ট শিক্ষককে তৎক্ষণাৎ পুলিশ, এসিবি এবং স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।