Ayushman Bharat: হাসপাতালে আধার কার্ড দেখালেই মিলবে ক্যাশলেস পরিষেবা! কবে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Ayushman Bharat launch in West Bengal: স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন,"আয়ুষ্মান ভারতের কেন্দ্রীয় মাপকাঠির বাইরে থাকা পরিবারের জন্যও রাজ্য সরকার একই দিনে চালু করছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’। এতেও সমানভাবে বার্ষিক ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ থাকবে। ফলে রাজ্যের কেউই স্বাস্থ্য সুরক্ষার বাইরে থাকবেন না।"

কলকাতা: রাজ্যে ১৬ অগস্ট থেকে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা। ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুক্রবার স্বাস্থ্য ভবনে একটি যৌথ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং স্বাস্থ্য দফতরের পদস্থ আধিকারিকরা। ওই বৈঠক থেকেই আয়ুষ্মান ভারত নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী। কবে চালু হবে এই প্রকল্প, কী কী সুবিধা মিলবে, আয়ুষ্মান ভারত-এর সুবিধা না পেলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাতে কীভাবে সুবিধা পাবেন রাজ্যবাসী…সেই বিষয়েও জানিয়েছেন শারদ্বত্ মুখোপাধ্যায়।
কী কী সুবিধা মিলবে আয়ুষ্মান ভারত-এ?
- ৫ লক্ষ টাকার ক্যাশলেস পরিষেবা: প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই।
- পুরনো রোগের কভারেজ : কোনও রোগী আগে থেকেই কোনও জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে।
- ভর্তির আগের ও পরের খরচ: হাসপাতালে ভর্তির ৩ দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, স্বাস্থ্য পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে।
- শুধু আধার কার্ডেই মিলবে সুবিধা: হাসপাতালে গিয়ে আলাদা কার্ড নিয়ে হয়রানি হতে হবে না। হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলেই তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে।
- দেশজুড়ে চিকিৎসার সুযোগ: পরিযায়ী শ্রমিক বা ভ্রমণের সময় অসুস্থ হলে পশ্চিমবঙ্গের নাগরিকরা শুধু রাজ্যেই নয়,
- দেশের যে কোনও প্রান্তে থাকা ৪০ হাজারেরও বেশি অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাবেন।
আয়ুষ্মান না পেলে স্বাস্থ্যবীমা
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন,”আয়ুষ্মান ভারতের কেন্দ্রীয় মাপকাঠির বাইরে থাকা পরিবারের জন্যও রাজ্য সরকার একই দিনে চালু করছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’। এতেও সমানভাবে বার্ষিক ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুযোগ থাকবে। ফলে রাজ্যের কেউই স্বাস্থ্য সুরক্ষার বাইরে থাকবেন না।”
আর কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
স্বাস্থ্যব্যবস্থা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন,”রাজ্যের প্রায় ১,৯৩০টি হাসপাতাল (যার মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল) এই প্রকল্পের (আয়ুষ্মান) আওতায় এসেছে। বেসরকারি হাসপাতালগুলিতে অযৌক্তিক বিল তৈরি বা প্যাকেজ ভাঙার মতো অনিয়ম রুখতে স্বাস্থ্য ভবনের একটি নোডাল টিম প্রতি ১৫ দিন অন্তর পর্যালোচনা বৈঠক করবে। আগামী ৯০ দিনের জন্য বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে চুক্তি চূড়ান্ত করা হয়েছে।” স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “দীর্ঘদিন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং ৬ কোটি মানুষ এই বিশ্বমানের স্বাস্থ্য সুরক্ষার ছাতার তলায় আসছেন।”
