
কলকাতা: ভোটের উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোদের তেজ। বৈশাখের শুরু থেকেই রাজ্যজুড়ে একেবারে আগুনের আঁচ, আর তার মধ্যেই রাজ্যে প্রথম দফার ভোট। তবে আবহাওয়ার খামখেয়ালিপনায় বাংলার দুই প্রান্তে দেখা যাচ্ছে দুই বিপরীত ছবি। প্রথম দফার ভোটের দিনও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ গনগনে রোদ মাথায় নিয়ে ভোটারদের বুথমুখী হতে হবে।
ঠিক উল্টো চিত্র ধরা পড়ছে উত্তরবঙ্গে। সেখানে গরমের দাপট থাকলেও বৃহস্পতিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃষ্টির দাপট আরও বাড়বে সপ্তাহ শেষে। শনি ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ পাহাড় ও সমতলের জেলাগুলি যখন বৃষ্টিতে ভিজবে, তখন দক্ষিণবঙ্গ চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় দিন গুনবে। অন্যদিকে আপেক্ষিক আদ্রর্তার পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাসাম গরম বজায় থাকছে।
তবে দক্ষিণবঙ্গবাসীর জন্যও অল্প হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। দীর্ঘ দহনজ্বালার পর সপ্তাহ শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির দেখা মিলতে পারে। পূর্বাভাস বলছে, শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট বাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এখন দেখার বৃষ্টি হলে তাপমাত্রার কতটা পারাপতন হয়।