
কলকাতা: দু-একদিনের স্বস্তি। তারপর আবার ফিরে আসছে বৃষ্টি। মার্চের শেষভাগ থেকে এপ্রিলের শুরু- বাংলায় বৃষ্টির প্রভাব থেকেই যাচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল, মঙ্গলবার থেকে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথায় কোথায় বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকলেও, মঙ্গলবার থেকে আবার ঝড়-বৃষ্টি শুরু হবে। আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দুপুর বা বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির ঘরে থাকবে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
অন্য়দিকে, দক্ষিণবঙ্গেও আবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। দক্ষিণের ৪ জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামিকাল কলকাতা-সহ বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারের বৃষ্টির পর ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকার ইঙ্গিত।