
কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের ইনপুট
কলকাতা: ১ বৈশাখ পার করতেই প্যাচপ্যাচে গরম। সকাল থেকে কাঠফাঁটা রোদ, তার সঙ্গে জুড়ি মেলাচ্ছে অস্বস্তিকর আর্দ্রতা। তবে এই গরম থেকে মুক্তি পেতে সুখবর দিল আবহাওয়া অফিস। এপ্রিলের শেষ সপ্তাহে ভাল বৃষ্টির আশা। উত্তর থেকে দক্ষিণ, এপ্রিল-শেষে বাড়বে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস। তবে আপাতত গরমের দাপট বাড়ারই পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, সপ্তাহন্তে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। ফের ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে পশ্চিমাঞ্চলের পারদ। ভ্যাপসা গরমের জেরে অস্বস্তি বাড়বে কলকাতায়। তবে সেখানেই স্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গে। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। তারপরে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া তৈরি হবে; তাপমাত্রা আরও বাড়বে।
বর্তমানে পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশাতে। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে।
বৃষ্টির প্রভাব কমতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে; গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবারের মধ্যে কলকাতায় ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। দু-এক জায়গায় ৪০ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে। উইকেন্ডে গরম ও অস্বস্তি থাকবে কলকাতা সহ সব জেলাতেই।
উত্তরবঙ্গে আজ থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ হতে পারে ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত। উপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
রবিবার ও সোমবারেও ঝড়-বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায়। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে রোদের তেজ বাড়বে। আজ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ থেকে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামিকাল থেকে আরও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৩ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯৩ শতাংশ থাকবে।
ভোটের দিন বৃহস্পতিবারে, উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে সব জেলাতেই গরম এবং অস্বস্তি থাকবে নির্বাচনের সময়। গরম বেশি থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দুপুরের পর থেকে আকাশের পরিবর্তন। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।