Electrocution : বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মাত্রই শরীরে কী এমন ঘটে যে মানুষের মৃত্যু হয়?

Electrocution : বিদ্যুৎস্পৃষ্ট হলে কীভাবে শরীরের ক্ষতি হয় ? মানুষের স্নায়ুকোষ কীভাবে নষ্ট করে? ব্যাখ্যা করলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই।

Electrocution : বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মাত্রই শরীরে কী এমন ঘটে যে মানুষের মৃত্যু হয়?
হরিদেবপুরে গতকাল বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হয় ১২ বছরের নীতীশ যাদবের

| Edited By: জয়দীপ দাস

Jun 27, 2022 | 11:07 PM

কলকাতা : কখনও বাড়িতে পাখা, লাইটের সুইচ অন করতে গিয়ে ইলেকট্রিক শক লাগে। কখনও রাস্তায় খোলা তারে তড়িদাহত হন কেউ। ট্রেনের উপর উঠে হাই ভোল্টেজ তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে যাওয়ার ছবিও দেখা গিয়েছে। গতকাল হরিদেবপুরে রাস্তার ধারে পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বছর বারোর নীতীশ যাদবের। বিদ্যুৎস্পৃষ্ট হলে কীভাবে শরীরের ক্ষতি হয়? কেন মৃত্যু হয় মানুষের ? এই কারণ নিয়ে কী বলছেন চিকিৎসকরা?

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, “পরিবাহী তারের মধ্যে দিয়ে যেভাবে বিদ্যুৎ পরিবহণ হয়, তেমনই কেউ তড়িদাহত হলে তাঁর শরীরের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহণ হয়। ধরা যাক, একটা পা দিয়ে প্রবেশ করে অন্য পা দিয়ে বেরোয়।”

বিদ্যুৎষ্পৃষ্ট হলে কীভাবে শরীরের ক্ষতি হয় , তা ব্যাখ্যা করে তিনি বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হলে মানুষের শরীরের একাধিক পরিবর্তন ঘটে। শরীরের মেটাবলিজম ঘেঁটে যায়। বিদ্যুৎ পরিবহণ শুরু হলে কোষের মধ্যে ছোট ছোট রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ওলটপালট হয়ে যায়। দ্বিতীয়ত, হার্টের নিজস্ব ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। যখন বাইরে থেকে বিদ্যুৎ হার্টে প্রবেশ করে, তখন তার নিজস্ব ইলেকট্রিক্যাল কার্যকলাপ অর্থাৎ হৃদস্পন্দন নষ্ট করে দেয়। তৃতীয় হচ্ছে ব্রেন। আমাদের শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। এখানে রয়েছে স্নায়ুকোষ। এই স্নায়ুকোষকে নষ্ট করে দেয় বিদ্যুৎ।”

তিনি বলেন, যত দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তড়িদাহত ব্যক্তিকে উদ্ধার করা যাবে, তত কম ক্ষতি হবে। গতকাল হরিদেবপুরে রাস্তার ধারে পোস্টে হাত দিয়ে বিদ্যুৎস্পষ্ট হয় নীতীশ যাদব। অনেকক্ষণ ধরে রাস্তার ধারে পড়েছিল সে। চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, নিরন্তর শরীরের মধ্য দিয়ে বিদ্যুৎ গেলে বাঁচার সম্ভাবনা কম। যত দ্রুত উদ্ধার করা যাবে, তত বাঁচার সম্ভাবনা থাকে।

২০১৮, ২০১৯ এবং ২০২০ সাল মিলিয়ে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮৮১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রাস্তায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর একাধিক ঘটনা রয়েছে। একাধিক এই ধরনের ঘটনার পর সোমবার বৈঠকে বসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এদিন তিনি বলেন, গত কয়েক মাস ধরে তিনি যে নির্দেশ দিচ্ছেন, তা নিকাশি বিভাগ এবং আলো বিভাগ সঠিকভাবে বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে।

Follow Us