
কলকাতা: ভোটের আগে একধাক্কায় প্রশাসন-পুলিশের শীর্ষ পদে রদবদল। অপসারিত মুখ্যসচিব থেকে DGP। সরানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকেও। তবে এবার কোন দায়িত্ব সামলাবেন তাঁরা? এক নজরে দেখে নেওয়া যাক সবটা।
নবান্ন সূত্রে খবর, পীযুষ পাণ্ডেকে আবার ডিরেক্টর অফ সিকিউরিটি পদে ফিরিয়ে আনা হয়েছে। অপরদিকে, মনোজ ভার্মাকে ডিরেক্টর অফ সিকিউরিটির অতিরিক্ত পদে বসানো হল। সুপ্রতিম সরকার এডিজি সিআইডি এবং আইবি পদে। আর বিনীত গোয়েল গেলেন ডিজি – আইজি আইবি-তে। অপরদিকে, লক্ষ্মী-নারায়ণ মিনা এডিজি সংশোধনাগারের দায়িত্বে গেলেন।
মধ্যরাতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলের নোটিফিকেশন জারি করা হয়েছিল। এরপর মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের পর এবার ডিজিপি,সিপি বদল হয়। নতুন ডিজি করা হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। অপরদিকে, সিপি হলেন অজয় নন্দ। অজয় নন্দ একজন দক্ষ পুলিশ কর্তা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন। মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারও ছিলেন তিনি। এর আগে তিনি স্পেশ্যাল টাস্ক ফোর্সের সঙ্গেও যুক্ত ছিলেন। নতুন স্বরাষ্ট্র সচিব করা হয় সংঘমিত্রা বোসকে। ডিজিপি পিযুষ পাণ্ডের জায়গায় আসেন সিদ্ধিনাথ গুপ্তা। আর এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলের জায়গায় এলেন অজয় মুকুন্দ রানাডে।