
কলকাতা: বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হাসপাতাল থেকে অভিষেককে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মমতা অভিযোগ করলেন, বাইপাসের ধারে ওই হাসপাতালে ঠিকমতো চিকিৎসা করা হয়নি অভিষেককে। উপর থেকে এই নিয়ে নির্দেশ এসেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
বাইপাসের ধারের ওই হাসপাতাল থেকে অভিষেককে নিয়ে যাওয়ার আগে মমতা বলেন, “আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে, ট্রিটমেন্ট না করতে।” প্রাক্তন মুখ্যমন্ত্রী একই কথা একাধিকবার বলেন, এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। তখন তাঁর পাশে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
এরপর অভিষেককে বাইপাসের ধারের ওই হাসপাতাল থেকে বের করে আনা হয়। দৃশ্যত বিধ্বস্ত দেখাচ্ছিল অভিষেককে। ধীরে ধীরে গাড়িতে উঠেন তিনি। গাড়িতে তাঁর পাশে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। গাড়িতে বসে ঘাড়ে হাত বোলাতে দেখা যায় অভিষেককে। তাঁকে নিয়ে রওনা দেয় গাড়ি।
এদিন সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নিগৃহীত হন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। পিছন থেকে মারা হয়। এরপরও অবশ্য নিহত তৃণমূল কর্মীর পরিজনদের সঙ্গে দেখা করেন অভিষেক। সেখানে তিনি বলেন, “ওরা আমাকে প্রাণে মারতে চায়। মেরে দিক। আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। সোনারপুরের এই ঘটনা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও যাব।”
এরপর কেন্দ্রীয় বাহিনী এসে অভিষেককে সেখান থেকে বের করে আনে। তারপরই বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে আনা হয় তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়। কিছুক্ষণ পর মমতা অভিযোগ করেন, এই হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। তারপর অভিষেককে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।