Razor Using Tips: কতদিন অন্তর রেজ়ারের ব্লেড বদলান? পুরুষ ও মহিলা দু’জনেরই কাজে আসবে এই টিপস

Shaving Tips for Skin: পুরুষ হোক বা মহিলা, যে যেই কারণেই রেজ়ার ব্যবহার করে থাকুন না কেন, নির্দিষ্ট সময় অন্তর ব্লেড পাল্টানো জরুরি। এতে শেভিংয়ের পর ত্বকে র‍্যাশ, ফুসকুড়ি, ব্রণর হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়।

Razor Using Tips: কতদিন অন্তর রেজ়ারের ব্লেড বদলান? পুরুষ ও মহিলা দুজনেরই কাজে আসবে এই টিপস

| Edited By: megha

Jul 29, 2023 | 2:08 PM

নিয়মমাফিক দাঁড়ি কামান অনেকেই। তাঁদের পক্ষে রোজ স্যালোঁতে যাওয়ার সম্ভব নয়। তাই নিজেই রেজ়ার চালান গালে। এতো গেল পুরুষদের কথা। মহিলারাও রেজ়ার ব্যবহার করেন অবাঞ্ছিত লোম তুলতে। ওয়াক্সিংয়ের খরচ বেশি। পাশাপাশি ওয়াক্সিং করালে টান পড়ে চামড়ায়। তাই সস্তা ও সুরক্ষিত মাধ্যমে এই রেজ়ার। পুরুষ হোক বা মহিলা, যে যেই কারণেই রেজ়ার ব্যবহার করে থাকুন না কেন, কত দিন অন্তর ব্লেড পাল্টান?

দিনের পর দিন একই রেজ়ার ব্যবহারের প্রবণতা রয়েছে অনেকের মধ্যেই। পুরুষদের দাঁড়ি কামানোর জন্য যে সব রেজ়ার বাজারে বাজারে পাওয়া যায়, সেখানে ব্লেন্ড পরিবর্তনেরও সুযোগ রয়েছে। মহিলাদের জন্য যে সব রেজ়ার তৈরি করা হয়, সেখানে ব্লেড পরিবর্তনের সুযোগ কম। কিন্তু কত দিন অন্তর রেজ়ারের ব্লেড বা রেজ়ার পরিবর্তন করা উচিত, জানেন?

রেজ়ারের ব্লেডের মধ্যে তিনটি স্তর থাকে, যা লোম কাটার পাশাপাশি চামড়া থেকে মৃত কোষ, ময়লা সমস্ত কিছু পরিষ্কার করে দেয়। একই রেজ়ার বা রেজ়ারের ব্লেড দীর্ঘদিন ধরে ব্যবহার করলে তার ধার পড়ে যায়। পাশাপাশি সাবান ও জলের সংস্পর্শে এসে রেজ়ারের ব্লেডে মরচে পড়ে। মরচে পড়ে যাওয়া রেজ়ার কখনওই ত্বকের উপর ব্যবহার করা উচিত নয়। এতে ত্বক কেটে যাওয়া এবং এখান থেকে সংক্রমণ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।

বিশেষজ্ঞদের মতে, পাঁচ থেকে সাতবার শেভিং করার পর রেজ়ার বা রেজ়ারের ব্লেড বদলে ফেলা উচিত। রেজ়ারের ব্লেডে ব্যাকটেরিয়া ও লোমের অংশ জমতে থাকে। আপনি যদি একই রেজ়ার বা রেজ়ারের ব্লেড দীর্ঘদিন ধরে ব্যবহার করেন, তাহলে ত্বকের উপর সংক্রমণের ঝুঁকি বাড়বে। যে কারণে ত্বকের উপর রেজ়ার ব্যবহার করলে অনেক মহিলাই র‍্যাশ, ফুসকুড়ির সম্মুখীন হন। এমনকী পুরুষদেরও দাঁড়ি কামানোর পর গালে ব্রণ, র‍্যাশের সমস্যা দেখা দেয়।

পাঁচ থেকে সাতবার লোম তোলার পর বা দাঁড়ি কামানোর পর রেজ়ার বা রেজ়ারের ব্লেড বদলে ফেলুন। তবে, শেভিং করার পর যদি র‍্যাশের সমস্যা এড়াতে চান, তাহলে রেজ়ার ব্লেড পরিবর্তনের পাশাপাশি আরও কিছু টিপস আপনাকে মানতে হবে। যেমন, শুকনো ত্বকের উপর রেজ়ার চালানো যাবে না। শেভিং ক্রিম, তরল সাবান মেখে তার উপর রেজ়ার ব্যবহার করুন। লোমের অভিমুখে রেজ়ার টানুন। রেজ়ার ব্যবহার করার পর তা ভাল করে ধুয়ে তুলে রাখুন। রেজ়ার ব্যবহারের পর ত্বকেও ময়েশ্চারাইজার বা জেল লাগিয়ে নিন।

Follow Us