
উত্তুরে হাওয়া দিচ্ছে। কনকনে ঠান্ডায় লেপের তলায় গুটিসুটি মেরে শুয়ে আছেন। হঠাৎ করেই মনে হল, ইশ! যদি পাশে কেউ থাকত! একটা শক্ত আলিঙ্গন, গা ঘেঁষে বসা, কিংবা খুব কাছের কারও শরীরের সেই চেনা গন্ধ, এই শীতে একাকিত্ব যেন আরও বেশি করে জাপটে ধরে সিঙ্গলদের। চারপাশের ‘প্রেম প্রেম’ ভাইব, সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে একসঙ্গে হাঁটা, কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে চোখে চোখ রাখা… এই সব দেখেশুনে হঠাৎ করেই মনে হয়, এই শীতে অন্তত একটা প্রেম বড্ড দরকার! একাকিত্ব কাটাতে, শরীরী উষ্ণতা খুঁজতে আর আচমকা কারও কাছাকাছি আসার এই তীব্র বাসনাকেই ডেটিংয়ের দুনিয়ায় বলা হয় ‘কাফিং সিজন’ (Cuffing season)। সহজ কথায়, পার্টনারের অভাব মেটানোর মরশুম। কিন্তু স্রেফ শরীর গরম করতে আর একাকিত্ব কাটাতে তৈরি হওয়া এই প্রেম কি আদৌ টেকে? নাকি বসন্তের হাওয়া লাগতেই উবে যায়? বেঙ্গালুরুর অ্যাস্টার আরভি হাসপাতালের (Aster RV Hospital) মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুরলি কৃষ্ণা এ বিষয়ে বেশ কিছু জরুরি তথ্য দিয়েছেন।
শীতের সঙ্গে প্রেমের সম্পর্ক কী?
অক্টোবর থেকে ফেব্রুয়ারি, এই সময়ে প্রেমে পড়ার তাগিদ প্রবল হয়। বিজ্ঞানের মতে, শীতের ছোট দিন আর কম রোদ শরীরের ‘সার্কাডিয়ান রিদম’ বদলে দেয়। মুড সুইং বাড়ে, মন উষ্ণতা ও মানসিক ভরসা খোঁজে। উৎসবের আনন্দ ভাগ করে নিতেই মানুষ পার্টনার চায়।
সঙ্গী কি শুধু শীতের অতিথি?
ড. মুরলি কৃষ্ণার মতে মানুষটা সত্যিই আপনার সঙ্গে থাকতে চায় কি না, তা চেনা সহজ। শুরুতে বারবার দেখা করলেও, ভবিষ্যতের কথা উঠলেই সে সুকৌশলে এড়িয়ে যাবে। পরিবার বা বন্ধুদের সঙ্গেও আলাপ করাবে না। এর মানে হল, সে শুধু শীতের একাকিত্ব কাটাতে এসেছে। তাঁর মতে, কারও হাত ধরার ভাবা উচিত তাকে আপনি সত্যিই ভালোবাসেন কিনা? নাকি বন্ধুদের দেখে শখ জেগেছে? শীত বা উৎসব শেষ হলেও কি সম্পর্কটা চাইবেন? উত্তর ‘না’ হলে, এখানেই থামা ভালো। শুধু ফাঁকা লাগছে বলে কারও হাত ধরাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়।
এই মরশুমি প্রেম কি আদৌ টেকে?
এই প্রেমে দুজনের চাওয়া আলাদা হতে পারে। আপনি হয়তো সিরিয়াস, কিন্তু অন্যজন সাময়িক সঙ্গ খুঁজছে। বসন্ত আসতেই সে কেটে পড়লে মারাত্মক কষ্ট হবে। তবে দুজনের লক্ষ্য আর মানসিকতা এক হলে, আর পারস্পরিক সম্মান থাকলে এই প্রেম অনায়াসেই সারা জীবনের সঙ্গী হতে পারে।
সিঙ্গলদের জন্য জরুরি টিপস
ড. মুরলি কৃষ্ণা বলেছেন সম্পর্ক ভাঙলে নিজেকে দোষ দেওয়া আর প্রাক্তনের ওপর সোশাল মিডিয়ায় নজর রাখা পুরোপুরি বন্ধ করা দরকার। পরিবার-বন্ধুদের সময় দিন। বন্ধুদের বিয়ে হচ্ছে বলে আপনাকেও প্রেমে পড়তে হবে, তার কোনও মানে নেই। একা থাকার মানেই জীবন শেষ নয়। প্রেম ঠিক সময়েই আসবে, শুধু শীত কাটানোর জন্য ভুল সম্পর্কে জড়ানোর কোনও দরকার নেই।