
চারিদিকে এখন উৎসবের মরসুম। একদিকে বছর শেষ অন্যদিকে নিউ ইয়ারের পার্টি। মূলত পশ্চিমের দেশ থেকে আমদানি হয়েছে এই সংস্কৃতির। রাতভর পার্টি, জমিয়ে খাওয়া দাওয়া আর সঙ্গে কেক এই নিয়েই ইংরেজি বর্ষবরণ। তবে ডায়াবেটিসের কারণে কেক খেতে ভয় পান অনেকে। একদিনের মজা চার দিনের শরীর খারাপের কারণ হয়ে উঠলে খুব মুশকিল। তার চেয়ে বাজারের কেক ছেড়ে বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল কেক। রইল রেসিপি।
উপকরণ –
কমলালেবুর জেস্ট – ১ চা চামচ
পাতিলেবুর জেস্ট – ১ চা চামচ
জিরো ক্যালোরি সুগার – ২০ গ্রাম
মাখন – ৫০ গ্রাম
সাদা তেল – ৩ টেবিল চামচ
তিনটি জায়ফলের গুঁড়ো
এলাচ – ৯ টি
দারচিনি – ১ ইঞ্চি
বেকিং পাউডার – ১ চা চামচ
বেকিং সোডা – ১/২ চা চামচ
ডিম – ২টি
কফি পাউডার – ১ চা চামচ
ময়দা – ২ কাপ
কোকো পাউডার – ১ টেবিল চামচ
কাজু, আমন্ড, পেস্তা, কিসমিশ – ২ চা চামচ
প্রণালী –
প্রথমে জায়ফল, এলাচ ও দারুচিনি একসঙ্গে মিক্সিতে দিয়ে ভাল করে গুঁড়ো করে নিন। কেক তৈরির আগে কাজু, আমন্ড, পেস্তা, কিসমিশ কমলালেবুর রসে ৬ ঘন্টা ভিজিয়ে রেখে দিন।
মাখন ও জিরো ক্যালোরি সুগার একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। এবার তেল ও ডিম দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে মিশিয়ে দিন।
ওই মিশ্রণে ময়দা ঢেলে দিন। এবার মশলা গুঁড়ো দেওয়ার পর এতে বেকিং সোডা ও বেকিং পাউডার ঢেলে দিন। এবার মিশ্রণটি ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে তাতে ভেজানো শুকনো ফল, কোকো পাইডার, কফি মিক্স ও দুই লেবুর জেস্ট মিশিয়ে নিন।
লেবুর রস মিশিয়ে নিন। এবার মিশ্রণটি পাত্রে দিয়ে বেক করে নিলেই তৈরি সুগার ফ্রি লেমন জেস্ট কেক।