Prawn Recipe: চিংড়ির মাছের এই পদ, যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে!

Prawn Recipe: ইলিশ ভাল নাকি চিংড়ি? ঝগড়া ভুলে বরং এই সপ্তাহান্তে চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন কোফতা কারি। দেখবেন আপনার বাঙাল বন্ধুরাও চেটেপুটে সব নিচ্ছে। রইল রেসিপি।

Prawn Recipe: চিংড়ির মাছের এই পদ, যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে!

Mar 06, 2025 | 4:19 PM

ইলিশ ভাল নাকি চিংড়ি, বাঙালি যতদিন বেঁচে আছে এই লড়াই থামার নয়। তবে ঝগড়াটা বাঙাল-ঘটি আর মোহনবাগান-ইস্টবেঙ্গল অবধি সীমাবদ্ধ রাখাটাই ভাল। খাবার পাতে সেটাকে ডেকে না আনাই ভাল। ঝগড়া ভুলে বরং এই সপ্তাহান্তে চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন কোফতা কারি। দেখবেন আপনার বাঙাল বন্ধুরাও চেটেপুটে সব নিচ্ছে। রইল রেসিপি।

উপকরণ –

চিংড়ি মাছ – ৪০০ গ্রাম

আলু সেদ্ধ – ১টি মাঝারি

পেঁয়াজ – ১পেঁয়াজ কুচি করা + দেড় খানা পেঁয়াজ বাটা +১/২ স্লাইস করা

রসুন – ১/২ চা চামচ বাটা + ৬ কোয়া কুচি করা

আদা – ১ চা চামচ বাটা + + ১/২ চা চামচ গুঁড়ো

জিরা গুঁড়ো ৩ চা চামচ

ধনে গুঁড়ো – ৩ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ

কাশ্মীরী লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো – ১ চা চামচ

তেজপাতা – ২টি

কাঁচা লঙ্কা কুচি – ২টি

পাতিলেবু – ১ টি

নুন – স্বাদ মতো

টমেটো বাটা – ১টি

গরম মশলা গুঁড়ো – ৩ চা চামচ

লবঙ্গ – ২ টি

দারচিনি টুকরো – ১ ইঞ্চি

ছোট এলাচ – ২টি

সর্ষের তেল – ৩ টেবিল চামচ

আলু – ২ টি ডুমো করে কাটা

লঙ্কা – ২টি চেরা

প্রণালী –

প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে ১৫ মিনিটনুন ও লেবুর রস দিয়ে মেখে রেখে দিন। এরপর চিংড়ি মাছে হলুদ,কাশ্মীরি লংকার গুঁড়ো দিয়ে মেখে, লো ফ্লেমে ভেজে নিতে হবে।

চিংড়ি মাছ ভেজে মিক্সিতে ভাল করে পেস্ট করে নিতে হবে। আগে খোসা ছাড়িয়ে নেবেন। চিংড়ি মাছ ভাজা তেলে পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে।

সেদ্ধ আলু, বেন্ড করা চিংড়ি মাছ, গুঁড়ো মশলা, নুন স্বাদমতো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দু’হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে বড়া আকারে তৈরি করে নিন। বাধন ভাল করার জন্য চাইলে সামান্য বেসন দিতে পারেন। এবার ডুবো তেলে ভেজে নিন বড়াগুলিকে, তবে খুব কড়া করবেন না।

তেলে গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা স্লাইস করা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে ডুমো করে কাটা আলু দিয়ে, হলুদ, নুন দিয়ে নাড়াচাড়া করে নিন। বাটা মশলা দিয়ে অল্প কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর টমেটো পেস্ট দিয়ে কষিয়ে নিতে হবে।

মশলা থেকে তেল ছেড়ে আসলে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সাথে ২টি লঙ্কা দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল ফুটে গেলে ভাল করে একবার নুন মিষ্টি সব দেখে নিন। চাইলে এক চা চামচ ঘি মিশিয়ে দিতে পারেন।

এবার ওই ঝোলে চিংড়ি মাছের কোপ্তা ও গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ১০ মিনিট। কোপ্তায় ঝোল ঢুকে ঘন হয়ে আসলে আঁচ বন্ধ করে নামিয়ে নিন। ব্যস আর কী এবার গরম গরম পরিবেশন করলেই হল।

Follow Us