
পুজোর রাতে প্যান্ডেল হপিং শেষে পা ব্যথা! এদিকে খিদের চোটে পেটে রীতিমতো ছুঁচো ডন মারছে। কিন্তু রেস্তোরাঁর বাইরে তখন বিশাল লাইন! এমন অবস্থায় বাড়িতে ফিরে যদি ধোঁয়া ওঠা চিকেন পোলাও (Chicken Pulao) আর তার সঙ্গে ঝাল ঝাল রোস্টেড চাটনি পাতে পড়ে, তবে কেমন হয়? জিভে জল আনা এই ধাবা স্টাইলের খাবার বানাতে ঘণ্টার পর ঘণ্টা হেঁশেলে কাটাতে হবে না। ভিড় ঠেলে কোনও হোটেলে যাওয়ার ঝক্কিও পোহাতে হবে না। আবার স্বাদের দিক থেকেও কখনও আপস করতে হবে না। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় এই রেসিপি। ধাবার ম্যাজিক এবার সরাসরি ডাইনিং টেবিলে!
চিকেন পোলাও বানাতে কী কী লাগবে?
বাজার থেকে এক কেজি চিকেন কিনে আনতে হবে। লাগবে বাসমতী চাল (৭০০ গ্রাম), যা আধ ঘণ্টা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। মশলার জন্য চাই আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, তেজপাতা, শুকনো কাশ্মীরি লঙ্কা। স্বাদ বাড়াতে ধনেপাতা, পুদিনাপাতা, ভাজা পেঁয়াজ (বেরেস্তা), টমেটো, নুন, সর্ষের তেল আর ঘি জোগাড় করে রাখুন।
কীভাবে বানাবেন ধাবা স্টাইলের পোলাও?
প্রথমে মাংস ম্যারিনেট করতে হবে। একটি পাত্রে চিকেন নিয়ে তাতে আদা-রসুন বাটা, নুন, লেবুর রস, কাঁচালঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
এবার আসল রান্না শুরু। গ্যাসে বড় হাঁড়ি চাপিয়ে তেল ও ঘি গরম করুন। তাতে গোটা জিরে আর পাতলা করে কাটা পেঁয়াজ দিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে কাশ্মীরি লঙ্কা দিন। এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন। মাংস একটু কষে এলে ভাজা পেঁয়াজ, তেজপাতা, পুদিনা ও ধনেপাতা দিয়ে দিন।
এরপর ভিজিয়ে রাখা বাসমতী চাল দিয়ে মাংসের সঙ্গে ভালো করে মেশান। পরিমাণ মতো জল, নুন, লেবুর রস আর টমেটো দিয়ে ঢাকা দিন। চাল আর চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে বুঝলে গ্যাস বন্ধ করে দিন। হাঁড়ির মুখ কিছুক্ষণ বন্ধ রাখুন। দেখবেন, সুন্দর গন্ধে ম-ম করছে চারপাশ।
রোস্টেড চাটনি
পোলাওয়ের সঙ্গে বানাতে পারেন এই চাটনি। একটি বড় টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম টুকরো করে কেটে নিন। তাওয়ায় সামান্য তেল দিয়ে সবজিগুলো উল্টেপাল্টে রোস্ট করুন। একটু পুড়ে কালচে হয়ে গেলে বুঝবেন স্মোকি স্বাদ চলে এসেছে। এবার ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। মিক্সিতে এই রোস্ট করা সবজি, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচালঙ্কা, নুন, সামান্য তেল ও দু’চামচ দই দিয়ে ভালো করে বেটে নিন। নিমেষেই তৈরি হল দারুণ স্বাদের রোস্টেড চাটনি। প্লেটে গরম গরম পোলাও আর চাটনি সাজিয়ে পরিবেশন করুন। ধাবা স্টাইলের এই ম্যাজিক একবার খেলে বারবার খেতে মন চাইবে!