
গরম পড়তেই বাজারে হাজির তরমুজ। এই গরমে সুস্থ থাকতে তরমুজ খাওয়া কিন্তু মাস্ট। চরম গরমে শরীরকে সতেজ রাখতে তরমুজের থেকে ভাল ফল আর কিছুই নেই। কারণ, তরমুজে রয়েছে ৯২ শতাংশ জল। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন। ক্যালোরির মাত্রাও বেশ কম তরমুজে। তাই ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন তরমুজ। তাই গরমে কাহিল হওয়ার আগে টুক করে যদি কয়েক ফালি তরমুজ খেয়ে ফেলা যায়, তাহলে শরীর সব সময় থাকবে ফিটফাট। কিন্তু জানেন কি, তরমুজ শুধু নয়, তরমুজের বীজও কিন্তু দারুণ উপকারি।
অনেকেই তরমুজ খেতে গিয়ে ভুল করে বীজ গিলে ফেলেন। এতে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বরং বিশেষজ্ঞরা বলছেন, ভুল করে নয়। বরং সচেতনভাবেই খেতে পারেন তরমুজের বীজ।
তরমুজের বীজ খেলে কী কী উপকার হয় জানেন?
তরমুজের বীজে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। যা কিনা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, দ্রুত খাবার হজম করতেও সাহায্য করে তরমুজের বীজ।
ত্বকের বলিরেখা কমাতে কিংবা ত্বকে জেল্লা বাড়াতে দারুণ কাজ করে তরমুজের বীজ।
তরমুজ ছাড়িয়ে তার বীজগুলো আলাদা করে নিন। তারপর রোদে শুকিয়ে শুকনো কড়াইয়ে একটু রোস্ট করে নিন। এরপর ব্রেকফাস্টে বা লাঞ্চের পর কয়েকটা বীজ চিবিয়ে খেয়ে নিতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁরা বিকেলে স্ন্যাক্সে তরমুজের বীজ খেতে পারেন। এতে খিদেও কম পাবে এবং ওজনও কমবে দ্রুত।
তরমুজের বীজ বেটে তা ভাতের সঙ্গেও খেতে পারেন। এতে হজম শক্তি বেড়ে যায়।