
কথায় বলে ‘সময় বহিয়া যায়, নদীর স্রোতের প্রায়’। তেমনই আমাদের জীবন। কারও জন্য দাঁড়িয়ে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে বদলায় অনেক কিছুই। তেমনই আমাদের ত্বক। সময়ের প্রভাব আমাদের ত্বকের উপরেও পড়ে। বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া, ত্বকে দাগছোপ নানা ভাবে তা জানান দেয় আমাদের ত্বক। তবে অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া বা অনিয়মিত জীবনযাপনের কারণে অকালে অল্প বয়সেও এই ছাপ পড়তে পারে আপনার ত্বকের উপরে। তবে কিছু নিয়ম মেনে চললে কিন্তু সময়কেও হার মানানো সম্ভব। বজায় থাকবে ত্বকের সজীবতা, ধরে রাখতে পারবেন চিরজৌবন।
গ্রিন টি – ত্বকের জেল্লা ধরে রাখতে কিন্তু গ্রিন টি-র জুড়ি মেলা ভার। রক্ত থেকে দূষিত পদার্থ শরীরের বাইরে বার করে দেয় এই চা। গ্রিন টি ওজন নিয়ন্ত্রণে রাখতেও দারুণ সাহায্য করে। রোজ গ্রিন টি খাওয়ার অভ্যাস ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। এর ভিতরের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আপনার শরীরের জন্য বেশ ভাল।
আঙুর – এই ফলে রয়েছে রেসভেরাট্রল নামক উপাদান। এটি হল একটি পলিফেনল অ্যান্টি-অক্সিড্যান্ট, যা হজমে সাহায্য করে। শরীরের যাবতীয় সুস্থতার ভিত্তি হল বিপাক ক্রিয়া। চিনাবাদাম, পেস্তা, আঙুর, ব্লুবেরি, ক্র্যানবেরি, কোকো, ডার্ক চকোলেটেও এই উপাদান রয়েছে। তাই রোজকার খাদ্যতালিকায় রাখতে পারেন এই খাবারগুলিও।
টমেটো – টমেটোতে রয়েছে লাইকোপিন নামক উপাদান। যা ত্বকের প্রতিটি কোষে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। ক্ষতিকারক সূর্যরশ্মি থেকে ত্বককে রক্ষা করতেও সাহায্য করে। টমেটো ছাড়াও তরমুজ লাইকোপিনের ভাল উৎস। ত্বকে বয়সের ছাপ আটকাতে টমেটো বা তরমুজ কিন্ত হতে পারে অন্যতম ভাল খাবার।