
পারফিউম (Perfume) বা সুগন্ধি মাখতে কে না ভালোবাসেন! একটু ভালো গন্ধ নিমেষেই মন ভালো করে দেয়, পাশাপাশি আত্মবিশ্বাসও অনেকটা বাড়িয়ে দেয়। অনেকেই আছেন যাঁরা বাড়ি থেকে বেরনোর সময় খুব যত্ন করে দামি পারফিউম মাখেন। কিন্তু অফিসে বা গন্তব্যে পৌঁছতে না পৌঁছতেই দেখা যায় সব গন্ধ উধাও!
কখনও ভেবে দেখেছেন এমনটা কেন হয়? আসলে পারফিউম মাখার সময় অজান্তেই এমন কিছু সাধারণ ভুল হয়ে যায়, যার কারণে সুগন্ধ বেশিক্ষণ টেকে না। একটু নিয়ম মেনে এটি ব্যবহার করলে দিনভর তরতাজা থাকা যায়।
কী কী ভুল হয়?
শুষ্ক ত্বকে স্প্রে করা
অনেকেই আছেন যাঁরা সরাসরি শুকনো ত্বকের ওপর পারফিউম স্প্রে করেন। এর ফলে গন্ধ খুব তাড়াতাড়ি উড়ে যায়। তাই সুগন্ধি স্প্রে করার আগে ত্বকে একটু ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি মেখে নেওয়া উচিত। তারপর স্প্রে করতে হবে। এতে গন্ধ দীর্ঘক্ষণ স্থায়ী হয়।
জামাকাপড়ের ওপর পারফিউম মাখা
আরও একটি সাধারণ ভুল হল জামাকাপড়ের ওপর অনেকটা পারফিউম স্প্রে করা। এতে জামাকাপড় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আর যদি কাপড়ে স্প্রে করতেই হয়, তবে অন্তত ৬ থেকে ৮ ইঞ্চি দূর থেকে করা উচিত। বিশেষজ্ঞদের মতে, ত্বকের ওপর হালকা করে স্প্রে করা বেশি ভালো। কারণ এটি ত্বকের সংস্পর্শে এলে শরীরের স্বাভাবিক গরমে এর সুগন্ধ বেশি সময় ধরে ছড়ায়।
অতিরিক্ত ঘামের ওপর ব্যবহার করা
ঘামের দুর্গন্ধ ঢাকতে অনেকেই ঘেমে থাকা অবস্থায় পারফিউম ব্যবহার করেন। এই ভুলটি কখনও করা উচিত নয়। কারণ অতিরিক্ত ঘামের সঙ্গে পারফিউমের গন্ধ মিশে গেলে একটা ভীষণ বিদঘুটে দুর্গন্ধ তৈরি হয়। যা চারপাশের মানুষের জন্য বেশ অস্বস্তিকর হতে পারে।
ভিজে গায়ে সুগন্ধি মাখা
স্নান করেই ভিজে গায়ে সুগন্ধি মেখে নেওয়ার অভ্যাস অনেকেরই আছে। এটাও কিন্তু একদম ঠিক নয়। স্নানের পর শরীর ভালোভাবে মুছে নেওয়া প্রয়োজন। ত্বক যখন হালকা ভিজে থাকবে, তখন ময়েশ্চারাইজার মেখে তার ওপর পারফিউম স্প্রে করা সবচেয়ে ভালো উপায়। ত্বক আর্দ্র থাকলে সুগন্ধ বেশি সময় ধরে আটকে থাকে।
দুই কবজি একসঙ্গে ঘষা
সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়ে যায়! পারফিউম মাখার পর অনেকেই দুই হাতের কবজি একসঙ্গে ঘষতে শুরু করেন। এটা একেবারেই উচিত নয়। এতে পারফিউমের অণুগুলো ভেঙে যায় এবং সুগন্ধ দ্রুত নষ্ট হয়ে যায়। তাই স্প্রে করার পর ঘষা উচিত নয়, এমনি শুকোতে দেওয়া ভালো।
এই ছোট ছোট নিয়মগুলো মাথায় রাখলেই পারফিউমের সুগন্ধ সারাদিন আপনার সঙ্গে থাকবে। তাহলে পরের বার সুগন্ধি মাখার সময় এই ভুলগুলো এড়িয়ে চলতে ভুলবেন না যেন!