
মিষ্টির দোকানের সেই থরে থরে সাজানো লালচে-কমলা গোল গোল বলগুলোর একটা মুখে পুরলেই যেন স্বর্গসুখ! বাঙালির যে কোনও উৎসব হোক বা ছুটির দিনের আড্ডা, পাতে একটা ভালো মিষ্টি না থাকলে কি জমে? মতিচুরের লাড্ডু (Motichoor Laddu) বাড়িতে বানালে অনেক সময়ই শক্ত হয়ে যায়। দোকানের মতো নরম, দানাদার আর রসে ভরা ব্যাপারটা কিছুতেই আসে না। এর পিছনে লুকিয়ে থাকে খুব সামান্য একটা ভুল। সেই ভুল শুধরে দোকানের স্বাদ নিজের রান্নাঘরে নিয়ে আসার সহজ উপায় জেনে নিন । খুব সাধারণ কয়েকটি ধাপে এই মিষ্টি তৈরি করা সম্ভব।
কী কী উপকরণ লাগবে?
এই লাড্ডু বানাতে আপনার দরকার ১ কাপ বেসন, আধ কাপের একটু বেশি চিনি আর আধ কাপ জল। ভাজার জন্য লাগবে পরিমাণমতো ঘি অথবা সাদা তেল। এর সঙ্গে এক চিমটি খাবার সোডা এবং সামান্য এলাচ গুঁড়ো হাতের কাছে রাখুন। সুন্দর গন্ধের জন্য একটু গোলাপজল আর দোকানের মতো রঙের জন্য সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন। সাজানোর জন্য কয়েকটি কাজুবাদাম ও কিশমিশ লাগবে।
কীভাবে বানাবেন নিখুঁত বোঁদে?
প্রথমে একটি পাত্রে বেসন নিন। অল্প অল্প জল মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটার খুব বেশি ঘন বা পাতলা হবে না। বেসনের মধ্যে কোনও দলা থাকা চলবে না। এবার এতে এক চিমটি খাবার সোডা আর একটু ফুড কালার মিশিয়ে দিন।
কড়াইতে ঘি বা তেল গরম করুন। ছিদ্রযুক্ত হাতার ওপর ব্যাটার ঢেলে গরম তেলের মধ্যে ছোট ছোট বুন্দি ফেলুন। মাঝারি আঁচে অল্প সময় ভেজে তুলে নিন।
দোকানের মতো লাড্ডু তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল, বুন্দি বেশি লাল বা কড়কড়ে করে ভাজা চলবে না। কড়া করে ভাজলে লাড্ডু নরম হবে না।
চিনির সিরা তৈরির নিয়ম
এবার একটি পাত্রে জল আর চিনি ফুটিয়ে সিরা বানিয়ে নিন। সিরা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এক তারের সিরা তৈরি করতে যাবেন না। চিনি সম্পূর্ণ গলে গেলে তার সঙ্গে এলাচ গুঁড়ো এবং গোলাপজল মিশিয়ে দিন।
গরম সিরার মধ্যে ভেজে রাখা বুন্দিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে পাত্রটি ঢাকা দিয়ে রাখুন। এতে বুন্দি সিরা শুষে একদম নরম হয়ে উঠবে। মিশ্রণটি একটু ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মেখে গোল গোল করে লাড্ডু পাকিয়ে নিন।
কবে পর্যন্ত ভালো থাকবে?
ওপর দিয়ে কাজু আর কিশমিশ বসিয়ে দিলেই আপনার মিষ্টি পরিবেশনের জন্য তৈরি। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর বায়ুরোধী পাত্রে ভরে রাখুন। ঘরের সাধারণ তাপমাত্রায় ২ থেকে ৩ দিন আর ফ্রিজে রাখলে ৫ থেকে ৭ দিন পর্যন্ত অনায়াসে ভালো থাকবে।