
আজকে বাড়িতে মিষ্টি তৈরির ধুম। গোপালের জন্মদিন। মাখন, মোহনভোগ, শ্রীখণ্ড, মালপোয়া, নাড়ু, ক্ষীর—মিষ্টির ছড়াছড়ি। এসব মিষ্টির পাশাপাশি আজ বাজারে ভাল মানের তালও মিলছে। জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া, পরোটাও বানাচ্ছেন। তবে, এই জন্মাষ্টমীতে তালের বড়ার পাশাপাশি তালের ক্ষীরও বানাতে পারেন। গোপালের জন্মতিথিতে ট্রাই করতে পারেন এই নতুন ও সহজ রেসিপি। গোপালের ৫৬ ভোগে যোগ করতে পারেন এই নতুন পদ। তাই দেরি না করে দেখে নিন তালের ক্ষীর বানানোর পদ্ধতি।
তালের ক্ষীর বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ:
১টি তাল, ১.৫ লিটার দুধ, ৪-৫ টেবিল চামচ নারকেল কোরা, ১ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ পেস্তা ও আমন্ড কুচি, স্বাদমতো চিনি ও নুন।
তালের ক্ষীর বানানোর সহজ পদ্ধতি:
তালের খোসা ছাড়িয়ে নিন। এরপর তালটা ঘণ্টা দুয়েক চুন জলে ভিজিয়ে রাখতে পারেন। এই টোটকা মানলে তালের তিতকুটা ভাব কেটে যায়। বড়া হোক বা পরোটা, তালের যে কোনও পদ বানানোর সময় এই টোটকা কাজে লাগাতে পারেন। এরপর তালের মণ্ডগুলো থেকে জল ঝরিয়ে নিন এবং ক্বাথ বার করে নিন।
সসপ্যান গরম বসান। এতে দেড় লিটার দুধ জ্বাল দিন। দুধ ঘন না পর্যন্ত নাড়তে থাকুন। অন্য একটি কড়াইতে ঘি গরম করুন। এতে তালের ক্বাথ দিয়ে নেড়েচেড়ে দিন। এরপর নারকেল কোরা ও পরিমাণমতো চিনি মিশিয়ে দিন। এরপর এতে ফুটন্ত দুধ ঢেলে নিন। এক চিমটে নুন দিন। মিশ্রণটি ভাল করে নেড়েচেড়ে নিন। একটু ঘন হয়ে এলে উপর দিয়ে আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। তৈরি তালের ক্ষীর। ঠান্ডা হলে ভোগের থালায় পরিবেশন করুন তালের ক্ষীর।