কয়েল-স্প্রে ছাড়াই জব্দ হবে! ঘরোয়া টোটকায় বিদায় করুন মশা

প্রতিকারের আগে কারণটা জানা জরুরি। অপরিচ্ছন্ন ঘরের কোণ, অন্ধকার জায়গা আর জমে থাকা জল- এই তিনটে হল মশার 'ফেভারিট' জায়গা। ফুলের টব, এসির জল বা পরিত্যক্ত পাত্রে জল জমে থাকলেই সেখানে বংশবৃদ্ধি শুরু করে এরা। তাই ঘরোয়া টোটকা কাজে লাগানোর আগে চারপাশ পরিষ্কার রাখাটা বাধ্যতামূলক।

কয়েল-স্প্রে ছাড়াই জব্দ হবে! ঘরোয়া টোটকায় বিদায় করুন মশা

Mar 16, 2026 | 6:21 PM

মশার গান আর কামড়-দুইয়ের অত্যাচারে রাতের ঘুম ও দিনের শান্তি দুই-ই শিকেয় উঠেছে অনেকের। বিশেষ করে ঋতু পরিবর্তনের এই সময়টাতে মশার বাড়বাড়ন্ত যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। মশা তাড়াতে অনেকেই হামেশাই বাজারচলতি কয়েল, স্প্রে বা লিকুইড ভেপোরাইজারের ওপর ভরসা করেন। কিন্তু জানেন কি, এই সব রাসায়নিক মেশানো জিনিস দীর্ঘক্ষণ নিশ্বাসের সঙ্গে শরীরে গেলে ফুসফুসের দফারফা হতে পারে? বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এগুলো বেশ ঝুঁকিপূর্ণ। অথচ হাতের কাছে থাকা কয়েকটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই কিন্তু মশা কুপোকাত হবে, আবার আপনার স্বাস্থ্যও থাকবে সুরক্ষিত।

কেন ঘরে মশার আস্তানা বাড়ছে জানেন?

প্রতিকারের আগে কারণটা জানা জরুরি। অপরিচ্ছন্ন ঘরের কোণ, অন্ধকার জায়গা আর জমে থাকা জল- এই তিনটে হল মশার ‘ফেভারিট’ জায়গা। ফুলের টব, এসির জল বা পরিত্যক্ত পাত্রে জল জমে থাকলেই সেখানে বংশবৃদ্ধি শুরু করে এরা। তাই ঘরোয়া টোটকা কাজে লাগানোর আগে চারপাশ পরিষ্কার রাখাটা বাধ্যতামূলক।

ঘরোয়া উপায়ে মশা তাড়ানোর ৫টি অব্যর্থ ম্যাজিক

নিম তেলের প্রদীপ:

আয়ুর্বেদে নিমের গুণের শেষ নেই। সন্ধ্যার সময় ঘরে একটি প্রদীপ জ্বালান এবং তাতে সর্ষের তেলের বদলে নিম তেল ব্যবহার করুন। নিমের উগ্র গন্ধ মশা সহ্য করতে পারে না। এটি রাসায়নিক কয়েলের থেকে অনেক বেশি নিরাপদ এবং কার্যকরী।

কর্পূর ব্যবহার:

ধোঁয়া সহ্য করতে না পারলে কর্পূর ব্যবহার করে দেখতে পারেন। একটি ছোট বাটিতে জল নিয়ে তাতে ২-৩টি কর্পূর ফেলে ঘরের এক কোণে রেখে দিন। কর্পূরের সুবাস ধীরে ধীরে সারা ঘরে ছড়িয়ে পড়বে এবং মশার দল ঘর ছেড়ে পালাবে।

জোয়ান ও সর্ষের তেলের মিশ্রণ:

শুনতে অবাক লাগলেও সর্ষের তেলের সঙ্গে গুঁড়ো করা জোয়ান মিশিয়ে দেখুন। এই মিশ্রণটি কাগজের টুকরো বা তুলোর বলে লাগিয়ে ঘরের কোণায় রেখে দিন। এর তীব্র গন্ধে মশা কাছে ঘেঁষার সাহস পাবে না। অনেকে কামড় থেকে বাঁচতে গায়ে হালকা সর্ষের তেলও মেখে নেন।

শুকনো গোবরের ধোঁয়া:

যাঁরা একটু সাবেকি পদ্ধতি পছন্দ করেন, তাঁরা শুকনো গোবরের ঘুঁটে ব্যবহার করতে পারেন। এর ধোঁয়া পরিবেশ বিশুদ্ধ করার পাশাপাশি প্রাকৃতিকভাবে মশা তাড়াতে ওস্তাদ। বর্তমানে বাজারে গোবর দিয়ে তৈরি ভেষজ ধূপও পাওয়া যায়, যা কোনও ক্ষতি ছাড়াই মশা তাড়ায়।

লবঙ্গ ও লেবু:

একটি পাতিলেবু অর্ধেক করে কেটে তাতে বেশ কয়েকটি লবঙ্গ গেঁথে জানলার কাছে বা ঘরের কোণে রেখে দিন। লেবু আর লবঙ্গের এই যৌথ গন্ধ মশাদের যম।

গবেষণা বলছে, দীর্ঘ মেয়াদে রাসায়নিক স্প্রে ব্যবহার করলে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে প্রাকৃতিক বিকল্পই সেরা। তবে মনে রাখবেন, ডেঙ্গি বা ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে শুধু মশা তাড়ানোই নয়, মশারি টাঙিয়ে ঘুমানো সবথেকে ভালো অভ্যাস।

Follow Us